খুলনা | রবিবার | ০১ নভেম্বর ২০২৬ | ১৭ কার্তিক ১৪৩৩

সিলেটসহ আশপাশের এলাকায় ১৬ ঘণ্টার ৬ বার ভূমিকম্প

খবর প্রতিবেদন |
০১:৩৭ এ.এম | ০১ নভেম্বর ২০২৬


সিলেটসহ আশপাশের এলাকায় ১৬ ঘণ্টার ব্যবধানে ছয়টি ভূমিকম্প সংঘটিত হয়েছে। তবে এসব ভূমিকম্পের মাত্রা তুলনামূলক কম হওয়ায় অনেকেই তা অনুভব করতে পারেননি। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, শনিবার দুপুর ২টা ১৯ মিনিটে সিলেটের ছাতক থেকে ২৮ কিলোমিটার পশ্চিমে ২ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে।
এর আগে একই দিন সকাল ৬টা ৩০ মিনিটে ছাতক থেকে ২৮ কিলোমিটার পশ্চিমে ৩ দশমিক ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ২৫ কিলোমিটার গভীরে।
এ ছাড়া শনিবার সকাল ১০টা ১৬ মিনিটে ভারতের মণিপুরের থৌবাল থেকে ৭৪ কিলোমিটার পূর্বে ৩ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প হয়। একই দিন সকাল ৭টা ১৩ মিনিটে ভারতের আসামের রাঙাপাড়া থেকে ১৩ কিলোমিটার উত্তরে ২ দশমিক ৯ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়।
এর আগে শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৮টা ৩৯ মিনিটে ভারতের আসামের রাঙাপাড়া থেকে ৪৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে ৩ মাত্রার একটি ভূমিকম্প হয়। এর ছয় মিনিট পর, রাত ৮টা ৪৫ মিনিটে মিয়ানমারের সাগাইং অঞ্চলের মাওলাইকের ৪৫ কিলোমিটার পশ্চিমে ৩ মাত্রার আরেকটি ভূমিকম্প সংঘটিত হয়।
অর্থাৎ, ছয়টি ভূমিকম্পের মধ্যে দু’টি সিলেটের ছাতক এলাকায়, দুটি ভারতের আসামে, একটি মণিপুরে এবং একটি মিয়ানমারে উৎপত্তি হয়েছে। তবে এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের সিলেট কার্যালয় থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে সিলেটসহ দেশের বিভিন্ন এলাকার বাসিন্দারা দরজা-জানালায় শব্দ ও কম্পন অনুভব করার কথা জানিয়েছেন। তবে এসব শব্দ ও কম্পনের প্রতিটি ঘটনার সঙ্গে নির্দিষ্ট কোনো ভূমিকম্পের সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

প্রিন্ট

আরও সংবাদ