খুলনা | রবিবার | ০১ নভেম্বর ২০২৬ | ১৭ কার্তিক ১৪৩৩

৯নং ওয়ার্ডে বাস্তুহারা কলোনীতে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৮ এ.এম | ০১ নভেম্বর ২০২৬


খুলনায় এবার ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা যে কোন সময়ের তুলনায় বেশী। গত চার মাস ধরে কেসিসি আক্রান্তদের সেবায় সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে। সরকারি হাসপাতালে বেড সংখ্যা বৃদ্ধিসহ নিম্ন আয়ের পরিবারের জ¦রে আক্রান্ত সদস্যদের সহজে ডেঙ্গু পরীক্ষাসহ প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে আবাসস্থলের কাছাকাছি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে যেখানে বিনামূল্যে সেবা গ্রহণ করতে পারছে। 
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু গতকাল শনিবার সকালে নগরীর ৯নং ওয়ার্ডের বাস্তুহারা কলোনীতে নতুনভাবে স্থাপিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ডেঙ্গু জ¦রসহ সকল জ¦রে আক্রান্ত নারী, পুরুষ ও শিশুদের বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এ মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব মোঃ রেজা রশীদ, প্রধান বর্জ্য ব্যবস্থপনা কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শরীফ শাম্মিউল ইসলাম, কঞ্জারভেন্সী অফিসার মোঃ অহিদুজ্জামান খান, সমাজসেবক এড. ফজলে হালিম লিটন, কাজী শফিকুল ইসলাম শফি, কাজী ফজলুল কবির টিটোসহ কেসিসি’র ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।  
মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু’র নেতৃত্বে পরিচ্ছন্নতা বিষয়ে কেসিসি আয়োজিত একটি সচেতনতামূলক র‌্যালি এলাকার সড়কসমূহ প্রদক্ষিণ করে। 

প্রিন্ট

আরও সংবাদ