খুলনা | রবিবার | ০১ নভেম্বর ২০২৬ | ১৭ কার্তিক ১৪৩৩

যশোর বোর্ডে এগিয়ে মেয়েরা, পাসের হার ৪৪.৯২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩২২৮

নিজস্ব প্রতিবেদক, যশোর |
০১:৫৮ এ.এম | ০১ নভেম্বর ২০২৬


যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এবারের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার ৪৪ দশমিক ৯২ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২২৮ শিক্ষার্থী। পাসের হার ও জিপিএ-৫ উভয় ক্ষেত্রেই ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা। শনিবার যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. আব্দুল মতিন এ ফলাফল ঘোষণা করেন।
যশোর শিক্ষাবোর্ডের এবারের পরিসংখ্যানে বলা হয়েছে, এ বছর এইচএসসিতে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ১৭ হাজার ৫১০ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ১২ হাজার ৭৯১ জন। অনুপস্থিত ছিল ৪ হাজার ৭১৯ জন। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ৪৩ জনকে। উত্তীর্ণ হয়েছে ৫০ হাজার ৬৬৮ জন। সে হিসাবে পাসের হার দাঁড়িয়েছে ৪৪ দশমিক ৯২ শতাংশ।
ফলাফলে দেখা যায়, এ বছর ৩ হাজার ২২৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তাদের মধ্যে ছাত্রী ১ হাজার ৮৭০ জন এবং ছাত্র ১ হাজার ৩৫৮ জন। ছাত্রীদের জিপিএ-৫ পাওয়ার হার ৩ দশমিক ২৩ শতাংশ, বিপরীতে ছাত্রদের হার ২ দশমিক ৪৮ শতাংশ।
পাসের হারেও মেয়েরা এগিয়ে রয়েছে। পরীক্ষায় অংশ নেওয়া ৫৭ হাজার ৯৮০ জন ছাত্রীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৯ হাজার ১৬৬ জন। পাসের হার ৫০ দশমিক ৩০ শতাংশ। অন্যদিকে ৫৪ হাজার ৮১১ জন ছাত্রের মধ্যে পাস করেছে ২১ হাজার ৫০২ জন। তাদের পাসের হার ৩৯ দশমিক ২৩ শতাংশ। অর্থাৎ পাসের হারে ছাত্রদের চেয়ে ছাত্রীরা ১১ দশমিক ০৭ শতাংশ হারে এগিয়ে রয়েছে।
যশোর বোর্ডে ফলাফলে বিজ্ঞান বিভাগে সবচেয়ে ভালো ফল করেছে শিক্ষার্থীরা। এ বিভাগে পাসের হার প্রায় ৭০ শতাংশ। মানবিক বিভাগে পাসের হার প্রায় ৩৮ দশমিক ২১ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৪৩ দশমিক ৮৩ শতাংশ।
বিজ্ঞান বিভাগে মোট ২১ হাজার ৬৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৫ হাজার ১৬৭ জন। মানবিক বিভাগে ৭৯ হাজার ১৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩০ হাজার ১৯১ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে ১২ হাজার ১১৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫ হাজার ৩১০ জন।
শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. আব্দুল মতিন বলেন, ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

প্রিন্ট

আরও সংবাদ