খুলনা | রবিবার | ০১ নভেম্বর ২০২৬ | ১৭ কার্তিক ১৪৩৩

শ্যামনগর ও পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় ২ বৃদ্ধ পথচারী নিহত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০২:০২ এ.এম | ০১ নভেম্বর ২০২৬


সাতক্ষীরার শ্যামনগরে মোটরসাইকেলের ধাক্কায় জামাত আলী মোড়ল (৮০) নামের এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তির পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তিনি মারা যান। এর আগে শনিবার দুপুর ১২টার দিকে শ্যামনগর-মুন্সিগঞ্জ সড়কের ক্লিনিক মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে পাটকেলঘাটা থানাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের চারা বটতলা এলাকায় যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে আব্দুল খালেক মোড়ল (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। শনিবার রাত আটটার দিকে এই ঘটনা ঘটে।
শ্যামনগরে নিহত জামাত আলী মোড়ল উপজেলার শ্রীফলকাটি গ্রামের মৃত নেদু মোড়লের ছেলে। নিহতের আত্মীয় আব্দুল খালেক জানান, বিকেল পাঁচটার দিকে জামাত আলী মোড়ল শ্যামনগর-মুন্সীগঞ্জ সড়কের ক্লিনিক মোড়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে রাস্তার উপর পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। দ্রুত তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু সেখানে তার অবস্থার অবনতি হতে থাকলে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাতটার দিকে তিনি মারা যান। 
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পাটকেলঘাটা নিহত আব্দুল খালেক মোড়ল থানাধীন কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত আফতাব মোড়লের ছেলে। পুলিশ জানায় পথচারী আব্দুল খালেক মোড়ল রাত আটটার দিকে পাটকেলঘাটা থানাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের চারা বটতলা এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধ আব্দুল খালেক মোড়ল ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় বেশ কয়েকজন বাসযাত্রী আহত হন। পুলিশ ঘাতক বাসটি আটক করেছে। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রিন্ট

আরও সংবাদ