খুলনা | রবিবার | ০১ নভেম্বর ২০২৬ | ১৭ কার্তিক ১৪৩৩

প্রধানমন্ত্রীর খুলনায় আগমন উপলক্ষে

নগরীতে স্থাপিত তোরণ, ব্যানার, প্যানা ও ফেস্টুন অপসারণের নির্দেশনা খুলনা বিএনপি’র

খবর বিজ্ঞপ্তি |
০২:০২ এ.এম | ০১ নভেম্বর ২০২৬


প্রধানমন্ত্রীর খুলনায় আগমন উপলক্ষে নগরীতে স্থাপিত তোরণ, ব্যানার, প্যানা ও ফেস্টুন অপসারণের নির্দেশনা দিয়েছেন খুলনা বিএনপি।
শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো মহানগর ও জেলা বিএনপির যৌথ বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়, ৫ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনায় আগমন উপলক্ষে তাঁকে স্বাগত জানিয়ে মহানগরের গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় ব্যক্তিগত উদ্যোগে এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ব্যানার, তোরণ ও ফেস্টুন স্থাপন করা হয়েছে।
বিবৃতি আরও বলা হয়েছে, ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ সড়কে গর্ত খুঁড়ে তোরণ স্থাপন এবং ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের অবকাঠামোর ওপর প্যানা, ব্যানার ও ফেস্টুন টানানো দেশ পরিচালনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুসৃত “সবার আগে বাংলাদেশ” নীতির সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। এ বিষয়ে প্রধানমন্ত্রী ইতোমধ্যে একাধিকবার নির্দেশনা প্রদান করেছেন।
বিবৃতিতে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বিশেষ সংস্থা ও যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক এসব প্রচার সামগ্রী অপসারণের মতো বিব্রতকর পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানানো হয়েছে।
বিবৃতিতে অনাকাক্সিক্ষত ও বিব্রতকর পরিস্থিতি এড়ানোর স্বার্থে সকল স্বনামধন্য রাজনৈতিক ব্যক্তিত্ব, সংগঠন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আগামী ২৪ (চব্বিশ) ঘণ্টার মধ্যে স্থাপিত সকল তোরণ, প্যানা, ব্যানার ও ফেস্টুন নিজ উদ্যোগে অপসারণ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়েছে।
জনস্বার্থ, জননিরাপত্তা, নগরীর সৌন্দর্য এবং প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রতি সম্মান প্রদর্শনের লক্ষ্যে এ আহবান জানিয়েছেন বিএনপি’র নগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন ও জেলার সদস্য সচিব (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান বাপ্পী। 

প্রিন্ট

আরও সংবাদ