খুলনা | রবিবার | ০১ নভেম্বর ২০২৬ | ১৭ কার্তিক ১৪৩৩

খুলনায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক |
০২:১৩ এ.এম | ০১ নভেম্বর ২০২৬


খুলনায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে  শহীদুল ইসলাম কলিন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

লবণচরা থানাধীন দরগা পাড়া কাসেমিয়া জামে মসজিদের দক্ষিণ পাশের রাস্তার ওপর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শহিদুল ইসলাম একই এলাকার মাহাতাব শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মাহতাব উদ্দিনের ছেলে কলিন দুই-তিন দিন পরপর বাড়িতে আসতেন। শনিবার বিকেলে তিনি বাড়িতে আসেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে বের হন। রাত ১১টার দিকে বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে রাস্তার ওপর তাঁর মরদেহ দেখতে পেয়ে স্থানীয় এক ব্যক্তি বাড়িতে খবর দেন।

পরে তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লবণচরা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোশারেফ হোসেন বলেন, নিহত যুবকের বিরুদ্ধে সাতটি মাদক ও একটি হত্যা মামলা রয়েছে। তিনি প্রায়ই বাড়ির বাইরে অবস্থান করতেন। মাঝেমধ্যে মা-বাবার সঙ্গে দেখা করতে আসতেন। শনিবারও তিনি বাড়িতে এসে সন্ধ্যার দিকে বের হয়ে যান। পরে স্থানীয় এক ব্যক্তি রাস্তার ওপর তাঁর মরদেহ দেখতে পেয়ে বাড়িতে খবর দেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ও লবণচরা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ