খুলনা | সোমবার | ০২ নভেম্বর ২০২৬ | ১৮ কার্তিক ১৪৩৩

নড়াইলে পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণালংকার-টাকা লুট

নড়াইল প্রতিনিধি |
০১:৪৪ এ.এম | ০২ নভেম্বর ২০২৬


নড়াইল পৌর এলাকায় গভীর রাতে একটি বাড়িতে হানা দিয়ে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ডাকাতির ঘটনা ঘটেছে। জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিপুল পরিমাণ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে ৬-৭ জনের একটি ডাকাত দল। ভুক্তভোগী পরিবারের দাবি, লুট হওয়া মালামালের মূল্য প্রায় কোটি টাকা। রোববার ভোররাতে পৌরসভার ভাদুলীডাঙ্গা এলাকায় ইঞ্জিনিয়ার মানিক কুমার বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে।
পরিবারের সদস্য ও পুলিশ সূত্রে জানা যায়, ভোররাতে বাড়ির নিচতলার জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ডাকাতরা। এরপর বাড়ির লোকজনকে নিয়ন্ত্রণে নিয়ে হাত-পা বেঁধে ফেলে তারা। একপর্যায়ে বাড়ির বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে স্বর্ণালংকার, নগদ টাকা, ক্যামেরাসহ মূল্যবান সামগ্রী নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
বাড়ির মালিক সমর কুমার বিশ্বাস জানান, ডাকাতরা ৩২ থেকে ৪০ ভরি স্বর্ণালংকার, নগদ এক লাখ টাকা, ক্যামেরা ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। সব মিলিয়ে লুট হওয়া মালামালের মূল্য প্রায় কোটি টাকা।
মানিক কুমার বিশ্বাসের মেয়ের জামাই রূপক সেন বলেন, দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন জেলা থেকে পরিবারের সদস্যরা বাড়িতে একত্রিত হয়েছিলেন। উৎসবের জন্য সবার কাছেই স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র ছিল। ডাকাতরা বাড়ির সব কক্ষ থেকে সেসব মালামাল লুট করে নিয়ে গেছে।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল সরোয়ার বলেন, খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ পেলে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্দিষ্ট করে বলা যাবে।

প্রিন্ট

আরও সংবাদ