খুলনা | মঙ্গলবার | ০৩ নভেম্বর ২০২৬ | ১৮ কার্তিক ১৪৩৩

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৫৪৮

খবর প্রতিবেদন |
০৪:১১ পি.এম | ০২ নভেম্বর ২০২৬

 

দেশে হামের সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৪৮ জন রোগী।

আজ সোমবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের দেয়া তথ্য অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে বরিশাল, রংপুর ও চট্টগ্রাম বিভাগে একজন করে মারা গেছেন। নতুন এই হিসাব নিয়ে চলতি বছরে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৫৭ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ১৫২ জন।

বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে (৬২৫ জন)। এ ছাড়া চট্টগ্রামে ৩১১ জন, বরিশালে ১৫০ জন, সিলেটে ১৪৫ জন, খুলনায় ১২৫ জন, ময়মনসিংহে ১০২ জন, রাজশাহীতে ৪৬ জন এবং রংপুর বিভাগে ৩৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ৬ হাজার ১৬৮ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৫৪৮ জন।

এদিকে ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩১ হাজার ৫০৫ জনে। সরকারি তথ্য অনুযায়ী, পরীক্ষার মাধ্যমে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ৯৯১ জনের শরীরে।

প্রিন্ট

আরও সংবাদ