খুলনা | মঙ্গলবার | ০৩ নভেম্বর ২০২৬ | ১৯ কার্তিক ১৪৩৩

মিঠুন-সোহানের সেঞ্চুরির পর এনামুলের ব্যাটে দাপুটে জয় খুলনার

ক্রীড়া প্রতিবেদক |
০৩:২৯ পি.এম | ০৩ নভেম্বর ২০২৬

 

অধিনায়ক মোহাম্মদ মিঠুন ও কাজী নুরুল হাসান সোহানের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে লড়াইয়ের পুঁজি পেয়েছিল খুলনা। বল হাতে দুই ইনিংস মিলিয়ে সৌম্য সরকারের ৫ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে এনামুল হক বিজয়ের অপরাজিত ৮০ রানের ইনিংসে শেষ পর্যন্ত ময়মনসিংহকে ৮ উইকেটে হারিয়েছে খুলনা। দারুন সেঞ্চুরিতে ম্যাচ সেরা হয়েছেন মিঠুন।

খুলনা বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের মুখে দলের হাল ধরেন মিঠুন। ৭৩ রানে ৪ উইকেট হারানোর পর ১১৯ রানের ইনিংস খেলেন মিঠুন। অন্য প্রান্তে সোহান খেলেন ১০৪ রানের দায়িত্বশীল ইনিংস। দুই সেঞ্চুরিতে খুলনার সংগ্রহ দাঁড়ায় ২৮৮ রান। ময়মনসিংহের হয়ে ৬ উইকেট নেন পেসার ইয়াসিন আরাফাত মিশু।

জবাবে খুলনার বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি ময়মনসিংহ। মাত্র ১০৮ রানে গুটিয়ে গিয়ে ফলোঅনে পড়ে তারা। ব্যাট হাতে দুই ইনিংসেই ব্যর্থ হলেও বল হাতে দারুণ করেন সৌম্য। প্রথম ইনিংসে ৮ ওভারে ১৮ রান দিয়ে ২ উইকেট নেন তিনি।

ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে অবশ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ময়মনসিংহ। মো. আল আমিন জুনিয়রের ১০২ এবং মো. আব্দুল মজিদের ৫৯ রানে দলটির সংগ্রহ দাঁড়ায় ৩১৯ রান। এই ইনিংসেও সৌম্যর শিকার ৩ উইকেট। ১৫ ওভারে ৪৩ রান দিয়ে ম্যাচে মোট ৫ উইকেট পূর্ণ করেন তিনি।

তবে ব্যাট হাতে সৌম্যর দিনটি ভালো কাটেনি। প্রথম ইনিংসে ২৯ বলে ১৭ রান করার পর দ্বিতীয় ইনিংসে করেন মাত্র ২ রান। দুই ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এই অলরাউন্ডার।

জয়ের জন্য লক্ষ্য তাড়া করতে নেমে এনামুল হক বিজয়ের ব্যাটে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় খুলনা। প্রথম ইনিংসে ৩ রানে আউট হওয়া বিজয় দ্বিতীয় ইনিংসে খেলেন ১০৯ বলে ৮ চার ও ২ ছক্কায় অপরাজিত ৮০ রানের ইনিংস। ৩৮.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪০ রান তুলে ৮ উইকেটের জয় নিশ্চিত করে খুলনা। ৫ ম্যাচে ৩ জয়ে শিরোপার লড়াইয়ে দারুন ভাবে এগিয়ে খুলনা বিভাগ।

প্রিন্ট

আরও সংবাদ