খুলনা | বুধবার | ০৪ নভেম্বর ২০২৬ | ২০ কার্তিক ১৪৩৩

ঝিনাইদহে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশেদ খাঁন

গার্মেন্টস শ্রমিক আন্দোলনে আওয়ামী অপতৎপরতার দায় জামায়াত আমির এড়াতে পারে না

ঝিনাইদহ প্রতিনিধি |
০২:০২ এ.এম | ০৪ নভেম্বর ২০২৬


গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে আওয়ামী অপতৎপরতার দায় জামায়াত আমির এড়াতে পারেনা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি অবশ্যই আমাদের সংহতি আছে। এই শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে যে আওয়ামী সহিংসতা সেটি জামায়াতের আমির দায় এড়াতে পারে না। তারা যে দাবি নিয়ে লংমার্চ করছেন এই দাবি ইতিমধ্যে সরকার বাস্তবায়ন শুরু করছে।
মঙ্গলবার দুপুরে সরকারি নলডাঙ্গা ভুখু স্কুল মাঠে ঝিনাইদহ জেলা বিএনপি’র ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ইসরাইল হোসেনের জানাজা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন আরও বলেন, ১১ দলের লংমার্চে জামায়াতের আমির বলেছিলেন দাবি আদায় নাহলে সবকিছু তছনছ করে দেওয়া হবে। জামায়াত আমিরের এই বক্তব্যের পরেই গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগ-ছাত্রলীগ তছনছ শুরু করেছে। বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার জন্য গার্মেন্টস শিল্পকে পুড়িয়ে দেওয়া হচ্ছে।
আমার দেশ পত্রিকা ছেড়ার বিষয়ে তিনি বলেন, আমার দেশ পত্রিকা একসময় আমাদের পত্রিকা ছিল। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর জামায়াতকে ক্ষমতায় আনতে নানা রকম ন্যারেটিভ তাদের পত্রিকায় ছাড়তে লাগলো। আমার দেশ এখন জামায়াতের মুখপত্র। আমার দেশের যে হাউজ, সেটাকে এখন মানুষ বলছে জামায়াতের প্রোপাগান্ডা হাউজ।
গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে রাশেদ খান বলেন, দেশে জ্বালানি এবং গ্যাসের সংকট রয়েছে। সরকার চেষ্টা করছে বিকল্প পন্থায় এ সংকট মোকাবেলায়। আওয়ামী লীগ ও অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে কোন ধরনের গ্যাসের ক‚প বা গ্যাসের অনুসন্ধান করা হয়নি। বাজারের সিন্ডিকেট সরকারকে নানাভাবে অসহযোগিতা করছে। গ্যাসের এই সমস্যা সমাধান হলে সরকার গ্যাসের মূল্য নির্ধারণ করবে। বিএনপি সরকারকে দু’টি অপশক্তি মোকাবেলা করে দেশ পরিচালনা করতে হচ্ছে। একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তি সরকারকে ব্যর্থ করতে অপচেষ্টা করছে।
এ সময় কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী, কালীগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনিসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ