খুলনা | বুধবার | ০৪ নভেম্বর ২০২৬ | ২০ কার্তিক ১৪৩৩

খুলনায় আদালত চত্বরে জোড়া খুন : ১৩ জনের নাম উল্লেখ করে চার্জশিট দাখিল

খবর প্রতিবেদন |
০৩:২১ পি.এম | ০৪ নভেম্বর ২০২৬


খুলনার আদালত পাড়ার আলোচিত দুই হত্যাকান্ডে ১৩ জন আাসমির নাম উল্লেখ করে আদালতে চার্জশিট দাখিল করেছেন তদন্ত কর্মকর্তা। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে সদর থানার ওসি তদন্ত মিজানুর রহমান চার্জশিট দাখিল করেন।

চার্জশিটভুক্ত আসামিরা হলেন- এজাজ, কামরুল, শুভ, হাসিব, রোমান, কাউয়া মিরাজ, চিংড়ি পলাশ, সাইফি, মুন্না, লবী গাজী, ইমরান, আরেফিন ও রেজাউল মুন্সি হৃদয়।

মামলার তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, মাদক ব্যবসা, চাঁদাবাজি, আধিপত্য বিস্তার, খুন ও পূর্ব শত্রুতার জের ধরে আলোচিত এ দুই হত্যাকাণ্ড সংগঠিত হয়।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের আগের দিন রাতে রূপসা উপজেলার আইচগাতি এলাকার সেনেরবাজারে সন্ত্রাসী ইমরানের একটি অফিসে বসে হত্যাকাণ্ডের ছক করা হয়। তারই পরিকল্পনা মোতাবেক ৩০ নভেম্বর আদালতের সামনে হাসিব হাওলাদার ও ফজলে রাব্বি রাজনকে হত্যা করা হয়। আজ বুধবার আদালতে এই মামলার চার্জশিট দাখিল করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৩০ নভেম্বর খুলনার জেলা ও দায়রা জজ আদালতের প্রধান গেটের সামনের জনাকীর্ণ সড়কে গুলি ও কুপিয়ে হত্যা করা হয় ফজলে রাব্বি রাজন ও হাসিব হাওলাদারকে। তারা খুলনার অন্যতম শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী পলাশ বাহিনীর সদস্য হিসেবে পরিচিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ