খুলনা | বুধবার | ০৪ নভেম্বর ২০২৬ | ২০ কার্তিক ১৪৩৩

নাশকতা মামলায় কেসিসি’র সাবেক প্যানেল মেয়র আলী আকবর টিপুকে কারাগারে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক |
০৪:৫২ পি.এম | ০৪ নভেম্বর ২০২৬


কেসিসি’র সাবেক প্যানেল মেয়র ও সোনাডাঙ্গা থানা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী আকবর টিপুকে খালিশপুর থানার নাশকতা মামলায় কারাগারে প্রেরণ করেছেন আদালত। বুধবার সকালে খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪ এ উপস্থিত করা হলে বিচারক ইব্রাহীম খলিল মুহিম তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

এর আগে গত ১০ অক্টোবর ঢাকার আদাবর থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে উপস্থিত করার সংবাদ পেয়ে দলীয় নেতাকর্মীরা আদালত চত্বরে জড়ো হতে থাকে। পরে কর্মীরা দলীয় শ্লোগান দিতে থাকে।

আদালতের স‚ত্র জানায়, গত ২০২৪ সালের ৪ আগস্ট বিকেল ৪-৫ টার দিকে খালিশপুর থানার নিউজপ্রিন্ট গেট সংলগ্ন বিএনপি অফিসের সামনে আসামিরা অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে ভাংচুর, অগ্নিসংযোগ করে। এ সময় আসামিদের কাছে থাকা শর্টগান দিয়ে কয়েক রাউন্ড গুলিও করে তারা। ঘটনাস্থল ত্যাগ করার আগে তারা অফিস থেকে ১২ হাজার টাকা লুট করে নেয়। ওই বছরের ৩০ আগস্ট বিএনপি নেতা শাহিনুল ইসলাম পাখি বাদী হয়ে খালিশপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এ ঘটনায় আ’লীগ নেতা আলী আকবর টিপুকে গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত তার আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন। বেলা সাড়ে ১১টার দিকে তাকে কারাগারে প্রেরণ করা হয়।

এদিকে তাকে উপস্থিতি’র সংবাদ পেয়ে দলীয় নেতা-কর্মীরা আদালতে উপস্থিত হতে থাকে। দলীয় নেতাকর্মীর উদ্দেশ্যে তিনি হাত নাড়া দিলে কর্মীরা শ্লোগান দিতে থাকে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে দলীয় নেতা-কর্মীরা ঘটনাস্থল থেকে সরে যেতে থাকে।

প্রিন্ট

আরও সংবাদ