খুলনা | বুধবার | ০৪ নভেম্বর ২০২৬ | ২০ কার্তিক ১৪৩৩

অকল্যান্ডে কোহলির রেকর্ড রাঙানো ইনিংসে কিউই বধ ভারতের

ক্রীড়া প্রতিবেদক |
০৬:০৮ পি.এম | ০৪ নভেম্বর ২০২৬

 

বৃষ্টিবিঘ্নিত সিরিজের প্রথম ওয়ানডেতে বল হাতে আর্শদীপ সিংয়ের দুর্দান্ত শুরুর পর ব্যাট হাতে ঝড় তুললেন বিরাট কোহলি। অকল্যান্ডের ইডেন পার্কে নিউ জিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল রোহিত শর্মার দল। কোহলির রেকর্ডময় এই জয়ে স্বস্তির শুরু পেল সফরকারীরা।

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিক নিউ জিল্যান্ড। কিউই ইনিংসে টিম সেইফার্ট সর্বোচ্চ ৩৮ রান করেন। এছাড়া ব্লেয়ার টিকনার ৩৪, গ্লেন ফিলিপস ৩০ ও ড্যারিল মিচেল ২৮ রান যোগ করেন। সব মিলিয়ে ৪০.২ ওভারে মাত্র ১৮৫ রানে গুটিয়ে যায় ব্ল্যাক ক্যাপসরা। ভারতের পক্ষে আর্শদীপ সিং বিধ্বংসী বোলিং করে ১০ ওভারে ৭০ রান খরচায় নেন ৪ উইকেট। এছাড়া গুরানুর ব্রার ৩টি এবং আনশুল কম্বুজ ঝুলিতে পরেন ২টি উইকেট।

ডাকওয়ার্থ লুইস মেথডে (ডিএলএস) ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩২ ওভারে ১৪৩ রান। রান তাড়ায় নেমে ইনিংসের প্রথম ওভারেই শূন্য রান করে ফেরেন ওপেনার রোহিত শর্মা। তবে শুরুর ধাক্কা দ্রুতই সামলে নেন শুবমন গিল ও বিরাট কোহলি। দ্বিতীয় উইকেটে এই দুই ব্যাটার মাত্র ১০৪ বলে যোগ করেন মূল্যবান ১১৩ রান। ওয়ানডে ক্যারিয়ারে এটি তাদের ২৭তম ইনিংসে ষষ্ঠ শতরানের জুটি। গিল ৫৬ বলে ৩৭ রান করে আউট হলেও নিজের স্বভাবসুলভ আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান কোহলি।

মাত্র ৩৫ বলে ওয়ানডে ক্যারিয়ারের ৮০তম ফিফটি তুলে নেন এই রান মেশিন। দেশের মাটিতে নয়, বিদেশের মাটিতে এটি কোহলির দ্বিতীয় দ্রুততম ফিফটি। এর আগে ২০১৬ সালে অস্ট্রেলিয়ার মাটিতে এর চেয়ে এক বল কম খেলে ফিফটির দেখা পেয়েছিলেন তিনি। জ্যাকব ডাফির বলে সাজঘরে ফেরার আগে ৫১ বলে ১৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে দৃষ্টিনন্দন ৭৪ রানের ইনিংস খেলেন কোহলি।

এই ইনিংসের সুবাদে একাধিক মাইলফলক স্পর্শ করেছেন কোহলি। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে এখন যৌথভাবে সর্বোচ্চ রানের মালিক তিনি। অজি কিংবদন্তি রিকি পন্টিংয়ের পাশাপাশি কিউইদের বিপক্ষে কোহলির রানও এখন ১৯৭১। পাশাপাশি, বিদেশের মাটিতে রান তাড়ায় স্বদেশী শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলে নতুন চূড়ায় উঠেছেন কোহলি। ৬৬.২১ গড়ে বিদেশের মাটিতে রান তাড়ায় কোহলির মোট রান এখন ৮,৭৪১; যেখানে শচীনের রান ছিল ৮,৭২০।

কোহলি আউট হওয়ার পর শ্রেয়াস আইয়ার ১৫ রান যোগ করলেও জয় পেতে কোনো বেগ পেতে হয়নি ভারতকে। প্রয়োজনীয় রান টপকে ৫৬ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে সফরকারী দল। আগামী শনিবার ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আবারও মুখোমুখি হবে এই দুই দল।

প্রিন্ট

আরও সংবাদ