খুলনা | শনিবার | ০৭ নভেম্বর ২০২৬ | ২৩ কার্তিক ১৪৩৩

সাতক্ষীরায় বিজিবির পৃথক অভিযানে ১ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় হেরোইন ও কেমিক্যাল জব্দ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০৫:৪০ পি.এম | ০৭ নভেম্বর ২০২৬


সাতক্ষীরা সীমান্তে বিজিবি সদস্যরা পৃথক দুটি অভিযানে এক কোটি ৩৮ লাখ টাকা মূল্যের ২ কেজির বেশি হেরোইন ও হেরোইন তৈরির কাঁচামাল হিসাবে ব্যবহৃত ভারতীয় মার্টিনি ড্রাগস জব্দ করেছে। গত ১ ও ৩ নভেম্বর দেবহাটার শাখরা ব্রিজসংলগ্ন বাঁশবাগান ও কুলিয়া রোডের ঋষিপাড়া বড় বাগান বইচনা এলাকায় পৃথক অভিযানে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

পরবর্তীতে জাব্দকৃত হেরোইন তৈরির কাঁচামাল হিসাবে ব্যবহৃত ভারতীয় মার্টিনি ড্রাগস পরীক্ষার জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারে পাঠানো হয়। সেখানে ল্যাব পরীক্ষার ফলাফল অনুযায়ী এসব দ্রব্য হেরোইন তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় মর্মে প্রতিবেদন পাওয়ার পর শনিবার (৭ নভেম্বর) সাতক্ষীরার নীলডুমুরস্থ বিজিবি ১৭ ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নীলডুমুরস্থ বিজিবি ১৭ ব্যাটালিয়নের আওতাধীন শাখরা বিওপির সদস্যরা গত ১ নভেম্বর বেলা পৌনে ১০টার দিকে দেবহাটা উপজেলার শাখরা ব্রিজসংলগ্ন একটি বাঁশবাগানে অভিযান চালায়। টহল কমান্ডার নায়েব সুবেদার মুন্সি আনোয়ারুজ্জামান পিবিজিএমের নেতৃত্বে পরিচালিত অভিযানে  সেখান থেকে পরিত্যাক্ত অবস্থায় হেরোইন তৈরির কাঁচামাল হিসাবে ব্যবহৃত ভারতীয় ৫ বোতল মার্টিনি ড্রাগস (২০০ মিলিলিটার) জব্দ করা হয়। জব্দকৃত এসব মাদকের বাজারমূল্য ৯৭ লাখ ৫০ হাজার টাকা।

অপরদিকে, গত ৩ নভেম্বর বেলা সোয়া ১১টার দিকে শাখরা বিওপির সদস্যরা দেবহাটার উপজেলার কুলিয়া রোডের ঋষিপাড়া বড় বাগান বইচনা এলাকায় আরেকটি অভিযানে ভারতীয় ২ কেজি ৬৬ গ্রাম হেরোইন জব্দ করে। যার আনুমানিক মূল্য ৪১ লাখ ৩২ হাজার টাকা।

বিজিবি সূত্র আরো জানায়, পৃথক দুটি অভিযানে শাখরা বিওপির সদস্যরা সর্বমোট ১ কোটি ৩৮ লাখ ৮২ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য জব্দ করে। পরবর্তীতে মার্টিনি ড্রাগস পরীক্ষার জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারে পাঠানো হয়। তবে এঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সাতক্ষীরার নীলডুমুরস্থ বিজিবি ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ, পিএসসি, সিগন্যালস এ তথ্য নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট

আরও সংবাদ