খুলনা | সোমবার | ০৯ নভেম্বর ২০২৬ | ২৫ কার্তিক ১৪৩৩

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১২৮২

খবর প্রতিবেদন |
০৪:৪০ পি.এম | ০৮ নভেম্বর ২০২৬

 

দেশে সবশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট প্রাণ হারিয়েছে ১ হাজার ২৮২ শিশু।

রোববার (৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যনুযায়ী, একদিনে ঢাকা ও ময়মনসিংহ বিভাগে হামের উপসর্গে একজন করে মোট দুই শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৮২ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ ও হাম উপসর্গ নিয়ে ১ হাজার ১৭৭ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানিয়েছে, গত একদিনে নতুন করে ১ হাজার ২২৫ শিশুর শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। এর মধ্যে নিশ্চিত হমে আক্রান্ত হয়েছে ৮৭ শিশু।

এ ছাড়া, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ২ লাখ ১২ হাজার ৯৭৯ রোগী ভর্তি হয়েছে। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ লাখ ৪ হাজার ৪৯ শিশু।

প্রিন্ট

আরও সংবাদ