খুলনা | সোমবার | ০৯ নভেম্বর ২০২৬ | ২৫ কার্তিক ১৪৩৩

বিএমএ খুলনার শোক

কুয়াকাটায় ঘুরতে গিয়ে সূর্যাস্তের মতো নিভে গেল নারী চিকিৎসকের জীবনের আলো

নিজস্ব প্রতিবেদক |
০২:০৭ এ.এম | ০৯ নভেম্বর ২০২৬


পর্যটনকেন্দ্র কুয়াকাটায় স্বামীর সঙ্গে বেড়াতে গিয়েছিলেন নাবিলা নুসরাত (৩২)। কিন্তু সেই আনন্দ রূপ নিলো বিষাদে। একটি সড়ক দুর্ঘটনা প্রাণ কেড়ে নিলো তার। শনিবার সন্ধ্যায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের আজিমপুর গ্রামের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্বামীর সঙ্গে আনন্দভ্রমণে এসে এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নাবিলা নুসরাত রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে কর্মরত ছিলেন। তাঁর স্বামী বরিশাল সদর উপজেলার মাইনুল ইসলাম শুভও পেশায় চিকিৎসক। আহত ডাঃ শুভ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত বলে জানিয়েছেন। নাবিলা নুসরাত বাংলাদেশ মেডিকেল জার্নাল খুলনার সম্পাদক ও খুলনা সিটি মেডিকেল কলেজের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ হাবিবুর রসুলের কন্যা।
ডা. মাইনুল ইসলাম শুভর ভাষ্য, শুক্রবার তারা ঢাকা থেকে কুয়াকাটায় বেড়াতে এসে ওশান ভিউ হোটেলে রাতযাপন করেন। শনিবার বিকালে একটি মোটরচালিত ভ্যানে করে মিশ্রিপাড়া বৌদ্ধবিহার দেখতে যাওয়ার পথে একটি বিড়াল ওই ভ্যানের চাকার নিচে পড়ে। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ভ্যানটি উলটে যায়। এ সময় ভ্যানে থাকা তারা দুজনসহ আরও দুই পর্যটক ছিটকে পড়েন।
তিনি বলেন, দুর্ঘটনায় তার স্ত্রীর মাথা ভ্যানের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডা. মাইনুল আরও জানান, তার স্ত্রী ৪২তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ঢাকার আদাবর এলাকা থেকে মাইনুল ও নাবিলা তাদের আরও দুই সহকর্মীকে নিয়ে কুয়াকাটায় বেড়াতে যান। তারা একটি আবাসিক হোটেলে ওঠেন। শনিবার বিকেলে তারা উপজেলার মিশ্রিপাড়া সীমা বৌদ্ধবিহার ঘুরতে যান। সন্ধ্যার পর সেখান থেকে ইজিবাইকে কুয়াকাটায় ফেরার পথে আজিমপুর গ্রামের বটতলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এসময় ইজিবাইকটি সড়কের পাশে ছিটকে পড়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে নাবিলা মাথায় গুরুতর আঘাত পান।  পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কুয়াকাটা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে কলাপাড়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা পলি সাহা বলেন, ‘আমাদের এখানে তাঁকে (নাবিলা) মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে। গাছের সঙ্গে ধাক্কা লেগে তাঁর মাথার পেছনের অংশে গুরুতর জখম হয়েছে। এতে মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে তাঁর মৃত্যু হয়।’
কলাপাড়া থানার ওসি (তদন্ত) ইলিয়াস তালুকদার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস তালুকদার বলেন, ঢাকা থেকে চারজন চিকিৎসক দু’টি পরিবার মিলে কুয়াকাটায় ঘুরতে এসেছিলেন। তারা একটি বৌদ্ধমন্দির দেখে ফেরার পথে অটোরিকশা বা ইঞ্জিনচালিত ভ্যান উল্টে যায়। এ সময় ভ্যানটি নারী চিকিৎসক নাবিলা নুসরাতের ওপর পড়ে। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে তার মৃত্যু হয়।
ওসি জানান, এ ঘটনায় সঙ্গে থাকা স্বামী ডাঃ মঈন ইসলাম শুভ এবং আরও দুই চিকিৎসক ডাঃ রাব্বি ও ডাঃ উম্মে কুলসুম কলি আহত হন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ রয়েছেন। নিহত নাবিলার স্বামীও সুস্থতার পথে।
তার রুহের মাগফিরাত কামনা, শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএমএ খুলনার সদস্যদের।
বিবৃতিদাতারা হলেন বিএমএ খুলনা শাখার সভাপতি ও সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ডাঃ শেখ বাহারুল আলম এবং বিএমএ খুলনার সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ মোঃ মেহেদী নেওয়াজ সহ কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ। 

প্রিন্ট

আরও সংবাদ