খুলনা | সোমবার | ০৯ নভেম্বর ২০২৬ | ২৫ কার্তিক ১৪৩৩

কাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড

খবর প্রতিবেদন |
০৪:২০ পি.এম | ০৯ নভেম্বর ২০২৬

 

ফরিদপুর সদর উপজেলায় কাশবনে তরুণীকে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ ও মোবাইলে ভিডিও ধারণের দায়ে করা মামলায় আট আসামির আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদণ্ডও করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এই রায় ঘোষণা করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী-২০০৩)-এর ৯ (৩) ধারায় আসামিদের দোষী সাব্যস্ত করে এই দণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আট আসামিই আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাদের কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. শাহীন শেখ (২৭), জয় শেখ (৩০), রহিম মোল্লা (২৯), মনির শেখ (৩১), হৃদয় খা (২৬), ইলিয়াস শিকদার (৩৩), মোস্তাক শেখ (৩২) ও রিয়াজ শিকদার। সবাই ফরিদপুর কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা।

মামলার এজাহার ও তদন্ত সংশ্লিষ্ট নথি সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৫ ডিসেম্বর দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে ফরিদপুর সদর উপজেলার ধলার মোড়সংলগ্ন পালডাঙ্গী চরের একটি কাশবনে ওই তরুণীকে আটকে রেখে আসামিরা দলবদ্ধভাবে ধর্ষণ করেন। এ সময় তারা মোবাইল ফোনে ঘটনার ২৩ সেকেন্ডের একটি ভিডিও ধারণ করেন। ঘটনার পর আসামিরা আত্মগোপনে চলে যান।

পরবর্তী সময়ে ধর্ষণের ওই ভিডিও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের হাতে পৌঁছলে বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়। ভিডিওর সূত্র ধরে জড়িতদের শনাক্তে অভিযান চালায় পুলিশ। একপর্যায়ে ২০২০ সালের ৬ আগস্ট বিশেষ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি শাহীন শেখকে গ্রেফতার করে জেলা ডিবি পুলিশ।

এ ঘটনায় ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন বাদী হয়ে ফরিদপুর কোতয়ালি থানায় মামলা করেন। পরে গ্রেফতার শাহীন শেখের দেওয়া তথ্য এবং তদন্তে পাওয়া বিভিন্ন প্রমাণের ভিত্তিতে অন্য আসামিদের শনাক্ত করা হয়। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আট আসামির আমৃত্যু কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) গোলাম রব্বানী ভুঁইয়া রতন বলেন, এ রায়ের মাধ্যমে জঘন্য অপরাধের বিরুদ্ধে কঠোর বার্তা দেওয়া হয়েছে। নারীর নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এ রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি।

প্রিন্ট

আরও সংবাদ