খুলনা | সোমবার | ০৯ নভেম্বর ২০২৬ | ২৫ কার্তিক ১৪৩৩

হৃদয়ের রেকর্ডগড়া ম্যাচ ড্র, সিরিজ হারল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক |
০৪:৩৯ পি.এম | ০৯ নভেম্বর ২০২৬


প্রথম টেস্টে হারের পর সিরিজ বাঁচানোর লড়াইয়ে নেমেছিল বাংলাদেশ। সিলেট টেস্টে জয়ের জন্য শেষ দিন ৩৬৯ রানের কঠিন লক্ষ্যও পেয়েছিল স্বাগতিকরা। তবে শেষ পর্যন্ত জয় কিংবা হার কোনোটিই হয়নি। আলোকস্বল্পতায় পঞ্চম দিনের খেলা বন্ধ হয়ে গেলে ড্র মেনে নেয় দুই দল। তাতে ১-০ ব্যবধানে দুই ম্যাচের টেস্ট সিরিজ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

৩৯৮ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশকে ৩৬৯ রানের লক্ষ্য দিয়েছিল ক্যারিবীয়রা। জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়ে স্বাগতিকরা। ওয়েস্ট ইন্ডিজের পেসারদের সামলে নিলেও জোমেল ওয়ারিক্যানের স্পিনে বিপাকে পড়ে বাংলাদেশ। অষ্টম ওভারে তার বলে জশুয়া ডা সিলভার হাতে ক্যাচ দিয়ে ফেরেন তানজিদ হাসান। ৩২ বলে চারটি চারে ২১ রান করেন তিনি। ভাঙে ৩৩ রানের উদ্বোধনী জুটি।

এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও ফিরিয়ে দেন ওয়ারিক্যান। ২৭ বলে ১৪ রান করা শান্তকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। আম্পায়ার শুরুতে আউট না দিলেও রিভিউ নিয়ে সফল হয় ওয়েস্ট ইন্ডিজ। ৪০ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। প্রথম সেশন শেষ হওয়ার আগে আর কোনো উইকেট না হারিয়ে ১৪ ওভারে ৪৯ রান তোলে স্বাগতিকরা।

দ্বিতীয় সেশনে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তাওহীদ হৃদয় ও মুশফিকুর রহিমের ব্যাটে কাটে শুরুর চাপ। দুজন মিলে গড়েন ১৩৫ রানের গুরুত্বপূর্ণ জুটি। চা-বিরতির আগে কোনো উইকেট না হারিয়ে ১১৩ রান যোগ করে বাংলাদেশ। একদিকে মুশফিকের অভিজ্ঞতা, অন্যদিকে হৃদয়ের দায়িত্বশীল ব্যাটিংয়ে ম্যাচ বাঁচানোর আশা জাগে স্বাগতিক শিবিরে।

তবে সেঞ্চুরির কাছাকাছি গিয়েও ইনিংস বড় করতে পারেননি হৃদয়। ব্যক্তিগত ৮২ রানে আবারও ওয়ারিক্যানের শিকার হন তিনি। ১৩০ বলের ইনিংসে আটটি চার মারেন এই ব্যাটার। তার বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি মুশফিকও। শামার জোসেফের বলে বোল্ড হওয়ার আগে ১২৩ বলে ছয়টি চারে ৪৯ রান করেন অভিজ্ঞ এই ব্যাটার। মাত্র এক রানের জন্য অর্ধশতক হাতছাড়া হয় তার।

এরপর মেহেদী হাসান মিরাজকে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন লিটন দাস। তবে দিনের আলো কমে আসায় ম্যাচের গতিপথ বদলে যায়। ফ্লাডলাইট জ্বালিয়েও খেলা চালানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত আলোকস্বল্পতায় বন্ধ হয়ে যায় দিনের খেলা। তখন ৫৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল চার উইকেটে ১৮৩ রান। লিটন ৭ ও মিরাজ ১ রানে অপরাজিত থাকেন। ফলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে।

এর আগে পঞ্চম দিনের সকালে দ্রুত তিন উইকেট তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে চাপে ফেলেছিল বাংলাদেশ। আগের দিন ১৪০ রানে অপরাজিত থাকা কাভেম হজ দিনের শুরুতেই ফিরে যান। নাঈম হাসানের বলে পুল করতে গিয়ে ফাইন লেগে হাসান মাহমুদের হাতে ক্যাচ দেন তিনি। ১৯৪ বলে ১৭টি চার ও একটি ছক্কায় ১৪২ রান করেন এই ব্যাটার। পরে জাস্টিন গ্রিভসকে ৯ রানে এলবিডব্লিউ করেন মিরাজ। পরের ওভারে নাঈমের বলে তানজিদ হাসানের হাতে ক্যাচ দিয়ে ১ রানে ফেরেন শামার জোসেফ।

এরপরও দ্রুত রান তোলার চেষ্টা চালিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। জশুয়া বিশপের ঝড়ো ২০ রানের ইনিংসে তাদের সংগ্রহ ৩৯৮ রানে পৌঁছায়। ১১ বলে দুটি ছক্কা ও একটি চার মারেন তিনি। অন্য প্রান্তে আমির জাঙ্গু ৩৯ রানে অপরাজিত ছিলেন। ৬ উইকেটে ৩৯৮ রান তুলে ইনিংস ঘোষণা করে সফরকারীরা। বাংলাদেশের হয়ে দ্বিতীয় ইনিংসে দুটি করে উইকেট নেন তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসান।

তার আগে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ৩৫৬ রান সংগ্রহ করেছিল। জবাবে তাওহীদ হৃদয়ের দুর্দান্ত ২৪২ রানের ইনিংসে বাংলাদেশ করে ৩৮৬ রান। তাতে প্রথম ইনিংসে ৩০ রানের লিড পেয়েছিল স্বাগতিকরা।

প্রিন্ট

আরও সংবাদ