খুলনা | সোমবার | ০৯ নভেম্বর ২০২৬ | ২৫ কার্তিক ১৪৩৩

হাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবী

খবর প্রতিবেদন |
০৪:৪৬ পি.এম | ০৯ নভেম্বর ২০২৬


ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে কোনো পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেননি। ম্যাট্রিক্স চেম্বার্স নামক একটি আইনি প্রতিষ্ঠান থেকে হাসিনার পক্ষে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য অনুরোধ করা হয়েছে। ওই প্রতিষ্ঠান থেকে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে এক ইমেইলে এ অনুরোধ করা হয়েছে। তবে ওই ইমেইলে আইনি প্রতিষ্ঠানটিকে শেখ হাসিনার দেওয়া কোনো অথরাইজেশন নেই এমনটিই জানিয়েছেন নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার মো. সাইদুর রহমান। ইমেইলে পাঠানো অনুরোধটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছে বাংলাদেশ হাইকমিশন।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে সাইদুর রহমান বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট বা এনআইডির জন্য কোনো আবেদন করেননি। ম্যাট্রিক্স চেম্বার্স নামক একটি প্রতিষ্ঠান থেকে আমরা একটি ইমেইল পেয়েছি। তাতে শেখ হাসিনার নামে পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার অনুরোধ এসেছে।’

তিনি বলেন, ‘অনুরোধটি সঠিক কি না, সেটি আমরা জানি না। এটি যে শেখ হাসিনার পক্ষের অনুরোধ, তা বোঝার কোনো উপায় নেই। কারণ, আইনজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঠানো ইমেইলে শেখ হাসিনার অনুমোদন ‘অথরাইজেশন’সংক্রান্ত কোনো নথি বা প্রমাণপত্র ছিল না। তবে আমরা ইমেইলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি।’

এর আগে, সোমবার (৯ নভেম্বর) সকালে এ সংক্রান্ত খবর প্রকাশ করে বার্তা সংস্থা রয়টার্স। খবরে দাবি করা হয়, ভারত থেকে বাংলাদেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

এদিকে শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবরের প্রেক্ষিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, শেখ হাসিনার বিচারের মামলার রায় হয়ে গেছে। বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেবে না।

অন্যদিকে, পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনাকে প্রত্যর্পণ আইন অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দেশে ফেরত আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শুনেছি দণ্ডিত আসামি শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছেন। পাসপোর্টের জন্য শেখ হাসিনার আবেদনের সত্যতা যাচাই করে আইনগত ভিত্তি খতিয়ে দেখা হবে।’

বিভিন্ন স্থানে ককটেল হামলা প্রসঙ্গে তিনি বলেন, ‘যে পতিত শক্তি অস্থিরতা সৃষ্টি করতে মাঝেমধ্যে কিছু স্থাপনা ও বাসে আক্রমণ করছে তাদের কঠোরভাবে দমন করা হবে।’

প্রিন্ট

আরও সংবাদ