খুলনা | মঙ্গলবার | ১০ নভেম্বর ২০২৬ | ২৬ কার্তিক ১৪৩৩

তালায় অজ্ঞান পার্টির আতঙ্ক, একই পরিবারের শিশুসহ ৪ জন অসুস্থ

তালা প্রতিনিধি |
১২:১৩ এ.এম | ১০ নভেম্বর ২০২৬


তালা উপজেলায় অজ্ঞান পার্টির তৎপরতা নিয়ে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। উপজেলার ডাংগানলতা গ্রামে অজ্ঞাত বিষক্রিয়ায় একই পরিবারের শিশুসহ চারজন অচেতন হয়ে পড়েছেন। তাঁদের মধ্যে দু’জনকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি দু’জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ডাংগানলতা গ্রামের মৃত গোপাল শেখের ছেলে মোঃ সামছের শেখ, তাঁর ছেলে মোঃ ইউসুফ শেখ (৪০), ইউসুফের স্ত্রী জাহানারা বেগম (৩৫) এবং তাঁদের সাত বছর বয়সী শিশু মোঃ মহসিন শেখ শনিবার রাত ৯টার দিকে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত ১০টার দিকে পরিবারের সদস্যদের বমি শুরু হয় এবং একপর্যায়ে তাঁরা অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয় এক পল্লী চিকিৎসকের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কিন্তু রাতের মধ্যে তাঁদের জ্ঞান না ফেরায় পরদিন সকাল ৮টার দিকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসা নেওয়ার পর শিশু মহসিন ও জাহানারা বেগম বাড়ি ফিরে গেলেও সামছের শেখ ও ইউসুফ শেখ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, অসুস্থ পরিবারের সদস্যদের খোঁজখবর নিতে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান তালা প্রেসক্লাবের সভাপতি, তালা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক এস.এম. নজরুল ইসলাম। তিনি হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
উল্লেখ্য, তালা উপজেলায় একের পর এক পরিবারের সদস্যদের অচেতন করে টাকা-পয়সা ও মূল্যবান সামগ্রী চুরির অভিযোগে জনমনে উদ্বেগ বাড়ছে। এর আগে হরিহরনগর, ডাংগানলতা এবং সর্বশেষ চরগ্রামেও একই ধরনের ঘটনার খবর পাওয়া গেছে। এসব ঘটনায় অজ্ঞান পার্টির সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা জরুরি বলে মনে করছেন স্থানীয়রা।

প্রিন্ট

আরও সংবাদ