খুলনা | মঙ্গলবার | ১০ নভেম্বর ২০২৬ | ২৬ কার্তিক ১৪৩৩

সময়ের খবর পত্রিকায় সংবাদ প্রকাশ, বৃদ্ধা হাজেরার পাশে ইউএনও খাদিজা

এস এস সাগর, চিতলমারী |
১২:১৩ এ.এম | ১০ নভেম্বর ২০২৬


দৈনিক সময়ের খবর পত্রিকায় ‘চিতলমারীর খড়মখালী গ্রামে জরাজীর্ণ ঘরে বৃদ্ধা হাজেরার দুর্বিষহ বসবাস’ শিরোনামে সংবাদ প্রকাশের পর তাঁর পাশে দাঁড়িয়েছেন বাগেরহাটের চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার। খবরটি দেখে তিনি সোমবার বিকেলে চরবানিয়ারী ইউনিয়নের খড়মখালী গ্রামে ওই বৃদ্ধার বাড়িতে ছুটে যান। এ সময় আবেগে আপ্লুত হয়ে হাজেরা বেগম ইউএনও’কে মা বলে সম্বধোন করে জড়িয়ে ধরেন। ইউএনও খাদিজা আক্তার দীর্ঘক্ষণ ধরে তাঁর খোঁজ-খবর নেন ও কুশল বিনিমিয় করেন। কুশল বিনিময় শেষে নির্বাহী কর্মকর্তা ওই বৃদ্ধার হাতে চাল, ডাল, লবণ ও তেলসহ ৮ প্রকারের শুকনা খাবার তুলে দেন। তিনি প্রতি মাসে বৃদ্ধা হাজেরা বেগমকে এই শুকনা খাবার দেওয়ার প্রতিশ্র“তি দেন এবং ঘর মেরামতের জন্য ঢেউটিন ও কিছু নগদ টাকা দেওয়ার আশ্বাস দেন। 
চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার বলেন, ‘দৈনিক সময়ের খবর পত্রিকায় নিউজটি দেখে এখানে এসেছি। ওনার বাড়িতে এসে দেখলাম বাসার অবস্থা খুবই খারাপ। চালার টিনগুলো পরিত্যাক্ত অবস্থায় আছে। বেড়ার টিন গুলো নষ্ট হয়ে গেছে। যেটা দিয়ে ঘরে সাপ ও ব্যাঙ ঢোকে। এই মুহূর্তে আমাদের টিনের বরাদ্দ না থাকায় ওনার আবেদনটি আমরা রেখেছি। টিন আসলে টিন ও কিছু নগদ টাকা আমরা ওনাকে দেবো। আর তাৎক্ষণিক সাহায্যের জন্য কিছু শুকনা খাবার দিয়েছি।’ 
আবেগে আপ্লুত হয়ে বৃদ্ধা হাজেরা বেগম বলেন, ‘ইউএনও মায়ের মত আইসা জড়ায় ধরছে। কিযে শান্তি পাইছি। তা কয়ে (বলে) বুঝাতি পারবো না। আমি তার উপর খুব খুশি হইছি। আল্লাহ জানি তারে খুব ভালো রাহে।’  
হাজেরা বেগম (৬৬)। স্বামী আব্দুল শেখ ত্রিশ বছর আগে মারা গেছেন। একমাত্র ছেলে জাহিদ শেখও মারা গেছে বছর পাঁচেক হলো। আপন বলতে এখন আর তেমন কেউ নেই। ভিক্ষা করেই জীবিকা চালান। রোগে শোকে তিনি প্রায় বিছানাগত। বসবাস করেন একটি জরাজীর্ণ ঘরে। ঘরটি আর বসবাসের উপযোগী নেই। সামান্য বৃষ্টি হলেই ফুটো টিন ভেদ করে ভেতরে পড়ে পানি। অন্যদিকে রোদের তীব্রতায় ঘরটি হয়ে ওঠে অসহনীয় গরম। মাঝে মধ্যে ঘরে ভিতর হানা দেয় বিষধর কেউটে সাপ। দীর্ঘদিন এমন দুর্বিষহ পরিবেশে বসবাস করলেও তাঁর ভাগ্যে জোটেনি নিরাপদ মাথা গোঁজার ঠাঁই। এভাবে আজও তিনি পড়ে আছেন বাগেরহাটের চিতলমারী উপজেলার খড়মখালী গ্রামে। এ সংক্রান্ত একটি খবর গত ৬ নভেম্বর দৈনিক সময়ের খবর পত্রিকায় প্রকাশিত হয়।  

প্রিন্ট

আরও সংবাদ