খুলনা | মঙ্গলবার | ১০ নভেম্বর ২০২৬ | ২৬ কার্তিক ১৪৩৩

মোংলায় ৫৫ কেজি ওজনের ১৯ ফুট লম্বা বিশাল অজগর উদ্ধার

মোংলা প্রতিনিধি |
১২:৪৬ এ.এম | ১০ নভেম্বর ২০২৬


সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে ১৯ ফুট লম্বা ৫৫ কেজি ওজনের একটি বড় অজগর সাপ অক্ষত অবস্থায় উদ্ধার করেছে বন বিভাগ। শুকনো মৌসুমে খাদ্যের সন্ধানে সুন্দরবন থেকে সাপটি লোকালয়ে প্রবেশ করেছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট বন কর্তৃপক্ষ। স্থানীয় সচেতন জনসাধারণের তাৎক্ষণিক তথ্যের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে সাপটিকে উদ্ধার করা হয় এবং পরবর্তীতে সুন্দরবনের শ্যালা নদীর ওপারে বনের নিরাপদ গহিন অরণ্যে অবমুক্ত করা হয়।
বন বিভাগ ও স্থানীয় সূত্র জানায় বিকেলে মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের  বৈদ্যমারী টহল ফাঁড়ি সংলগ্ন আগলাদিয়া গ্রামের পাশ দিয়ে সাপটি যেতে দেখে স্থানীয় কয়েক যুবক। খাদ্যের সন্ধানে বিশালাকার এই অজগর সাপটি ওই এলাকার একটি বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করছিল। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সাধারণ মানুষ সাপটির কোনো ক্ষতি না করে দ্রুত বিষয়টি বন বিভাগকে অবহিত করে । চাঁদপাই স্টেশন কর্মকর্তা বলেন খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বন বিভাগ, বন্যপ্রাণী সংরক্ষণ বিটিআরটি এবং সিপিজি টিম দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে বন বিভাগের সমন্নয়ে যৌথ উদ্ধারকারী দল সতর্কতার সঙ্গে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। পরবর্তীতে সুন্দরবনের শ্যালা নদীর তীরবর্তী নিরাপদ ও বনের গভীর অরণ্যে সাপটিকে অবমুক্ত করা হয়, যাতে এটি তার স্বাভাবিক প্রাকৃতিক আবাসে ফিরে যেতে পারে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁদপাই স্টেশন কর্মকর্তা মোঃ হামিদুর রহমান জানান, প্রতি বছর শুকনো মৌসুম শুরু হলেই খাদ্যের সন্ধানে অজগর সাপ, বাঘ ও হরিণসহ বিভিন্ন বন্যপ্রাণী লোকালয়ে চলে আসার প্রবণতা বাড়ে। তবে উদ্ধার করা সাপটির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, এত দীর্ঘ এবং ওজনের একটি অজগর সাপ এ এলাকায় এর আগে সচরাচর দেখা যায়নি বা উদ্ধারও হয়নি। এটি সুন্দরবনের বন্যপ্রাণী বৈচিত্র্যের এক অনন্য নিদর্শন।
স্থানীয়দের ধন্যবাদ জানিয়ে এই বন কর্মকর্তা বলেন, বন্যপ্রাণী আমাদের সুন্দরবনের অমূল্য সম্পদ। বন্যপ্রাণী দেখলেই আতঙ্কিত হয়ে বা না বুঝে তাদের ওপর আক্রমণ না করে যদি তাৎক্ষণিকভাবে বন বিভাগকে খবর দেওয়া হয়, তবে আমরা দ্রুত পদক্ষেপ নিয়ে প্রাণীগুলো অক্ষত অবস্থায় উদ্ধার করে পুনরায় বনেই অবমুক্ত করতে পারব। সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী রক্ষায় উপকূলীয় এলাকার জনসাধারণের এই সচেতন ও সহযোগিতাপূর্ণ মনোভাব ভবিষ্যতেও অব্যাহত রাখার আহŸান জানান তিনি।

প্রিন্ট

আরও সংবাদ