খুলনা | মঙ্গলবার | ১০ নভেম্বর ২০২৬ | ২৬ কার্তিক ১৪৩৩

নৌকায় নদী পার হচ্ছিলেন খাইরুল হঠাৎ গুলিতে রক্তাক্ত

কুষ্টিয়া প্রতিনিধি |
০২:০০ এ.এম | ১০ নভেম্বর ২০২৬


কুষ্টিয়ার খোকসার ওসমানপুরে গড়াই নদীতে নৌকা পারাপার হওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে খাইরুল শেখ নামে এক যুবক আহত হয়েছে। রোববার রাত ৮টার দিকে নদীতে এ ঘটনা ঘটে। আহত খাইরুল ওসমানপুর গ্রামের ইমারত আলী শেখের ছেলে। এ ঘটনায় রাজন ও তার বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তুলেছে আহতের পরিবার।
পুলিশ, আহত ব্যক্তির পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে ওসমানপুর খেয়াঘাট দিয়ে নৌকায় নদী পার হচ্ছিলেন খাইরুলসহ কয়েকজন। এ সময় নৌকায় থাকা ব্যক্তিরা চিৎকার করলে পাশ দিয়ে যাওয়া আরেকটি নৌকা থেকে অন্ধকারের মধ্যে গুলি ছোঁড়া হয়। এতে খাইরুলের পেটে গুলি লাগে। খাইরুলকে উদ্ধার করে স্থানীয়রা প্রথমে তাকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া আড়াইশ’ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। 
আহত খাইরুলের বড় ভাই বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম না। আমার ছোট ভাই খাইরুল আমাকে জানায়, সে নৌকায় নদী পারাপার হচ্ছিল। এ সময় নৌকায় হইচই করে চিৎকার করলে রাজন ও তার বাহিনীর লোকজন অন্ধকারের মধ্যে গুলি চালিয়েছে বলে জানিয়েছে খাইরুল। এতে আমার ভাইয়ের শরীরে গুলি লাগে। দীর্ঘদিন ধরে রাজন বাহিনী এলাকায় অত্যাচার করে আসছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, গোলাগুলির ঘটনা শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগীর সাথে কথা হয়েছে। সে বর্তমানে মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এখনও পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ জানানো হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট

আরও সংবাদ