খুলনা | মঙ্গলবার | ১০ নভেম্বর ২০২৬ | ২৬ কার্তিক ১৪৩৩

উচ্ছেদ বন্ধ ও পুনর্বাসনের দাবিতে খুলনায় হকারদের নগর ভবন ঘেরাও

নিজস্ব প্রতিবেদক |
০৫:০৫ পি.এম | ১০ নভেম্বর ২০২৬


খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে উচ্ছেদ বন্ধ এবং যথাযথ পুনর্বাসনের দাবিতে নগর ভবন ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয় হকাররা। মঙ্গলবার (১০ নভেম্বর) খুলনা মহানগর হকার্স ইউনিয়নের নেতাকর্মী ও শত শত হকার সড়কে ব্যারিকেড দিয়ে এই কর্মসূচি পালন করেন। এ সময় হকাররা সড়কে বসে পড়লে কেডি ঘোষ রোডের ডিসি অফিস থেকে সোসাইটি সিনেমা হল পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

পরে আন্দোলনকারীরা খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর কাছে চার দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি প্রদান করেন এবং দাবি আদায় না হলে ভবিষ্যতে লাগাতার অবস্থান ও ভুখা মিছিলের মতো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

বিক্ষোভ চলাকালে নেতৃবৃন্দ বলেন, খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে ছিন্নমূল হকাররা ছোট ছোট দোকানের মাধ্যমে ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন। এটিই তাঁদের একমাত্র পেশা ও আয়ের উৎস। কিন্তু গত কয়েক সপ্তাহে নগরীর বিভিন্ন স্থানে হকারদের উচ্ছেদ করা হয়েছে। ডাকবাংলা, খালিশপুর, দৌলতপুর ও নিরালাসহ বেশ কয়েকটি এলাকায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়। তখন তাঁদের জানানো হয়েছিল, প্রধানমন্ত্রীর খুলনা সফর উপলক্ষে সাময়িকভাবে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কিন্তু বাস্তবে সেই প্রতিশ্রুতির প্রতিফলন দেখা যাচ্ছে না।

তাঁরা আরও বলেন, রাস্তা ও ফুটপাত যানবাহন চলাচল এবং পথচারীদের হাঁটার জন্য—এ কথা সত্য। তবে হকাররা যেসব সড়কে ব্যবসা করেন, সেখানে পুলিশ প্রশাসনের সম্মতিতে নির্দিষ্ট স্থানে বসেন।

নেতৃবৃন্দ বলেন, তাঁদের দোকানের প্রধান ক্রেতা নগরীর নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ। সীমিত আয়ের এসব মানুষ প্রয়োজনীয় বিভিন্ন পণ্য হকারদের কাছ থেকে কেনেন। ফলে হকারদের ব্যবসা শুধু তাঁদের জীবিকার সংস্থানই নয়, বরং খুলনা মহানগরী ও আশপাশের উপজেলা-গ্রামের অনেক মানুষের সাশ্রয়ী মূল্যে কেনাকাটার অন্যতম মাধ্যম।

হকারদের দাবিগুলোর মধ্যে রয়েছে—খালিশপুর, দৌলতপুর, ডাকবাংলাসহ মহানগরীর বিভিন্ন স্থানে আগের মতো ব্যবসা করার সুযোগ দেওয়া, কথায় কথায় উচ্ছেদ বন্ধ করা, উচ্ছেদের নামে মালামাল নষ্ট বা লুটপাট না করা এবং হকাররা কোথায় ও কীভাবে ব্যবসা করবেন, সে বিষয়ে খুলনা সিটি করপোরেশনের পক্ষ থেকে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা।

খুলনা মহানগর হকার্স ইউনিয়নের প্রধান উপদেষ্টা ও নগর কমিউনিস্ট পার্টির সভাপতি মিজানুর রহমান বাবু বলেন, ‘আজ আমরা স্মারকলিপি দিয়েছি। এরপরও দাবি মানা না হলে নগর ভবনের সামনে লাগাতার অবস্থান ও ভুখা মিছিলের মতো কর্মসূচি ঘোষণা করা হবে।’

এ সময় উপস্থিত ছিলেন হকার্স ইউনিয়নের সভাপতি ছালেহ মোহাম্মাদ তালহা, সাধারণ সম্পাদক মো. সানু, বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফ আলী, টিইউসি নেতা এস এম চন্দন প্রমুখ।

এদিকে, স্মারকলিপি গ্রহণ করে সিটি করপোরেশনের প্রশাসক খুব শিগগিরই বিষয়টির সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন।

প্রিন্ট

আরও সংবাদ