খুলনা | বুধবার | ১১ নভেম্বর ২০২৬ | ২৬ কার্তিক ১৪৩৩

খুলনার আইনশৃঙ্খলা নিয়ে সংসদে উদ্বেগ, স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ দাবি এমপি হেলালের

নিজস্ব প্রতিবেদক |
১১:১১ পি.এম | ১০ নভেম্বর ২০২৬


খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে জাতীয় সংসদে বক্তব্য রেখেছেন খুলনা-২ আসনের সংসদ সদস্য এ্যাড. এস এম জাহাঙ্গীর হোসেন হেলাল।  মঙ্গলবার (১০ নভেম্বর) সংসদে দেওয়া বক্তব্যে তিনি খুলনাকে একটি 'মৃত নগরী' হিসেবে উল্লেখ করেন এবং মহানগরীসহ গোটা অঞ্চলে ব্যাপক চাঁদাবাজি, মাদক, কিশোর গ্যাং ও নিয়মিত হত্যাকাণ্ডের চিত্র তুলে ধরে পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি ও কার্যকর হস্তক্ষেপ দাবি করেন।

সংসদ সদস্য এ্যাড. এস এম জাহাঙ্গীর হোসেন হেলাল বলেন, সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ন্যায় খুলনা মহানগরী ও খুলনা অঞ্চলে ব্যাপক চাঁদাবাজি, মাদক, কিশোর গ্যাং এবং নিয়মিত হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে। তিনি এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে জানান, খুলনার বর্তমান পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যে, এটি একটি মৃত নগরীতে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, কয়েকদিন আগে যখন প্রধানমন্ত্রী খুলনা সফরে গিয়েছিলেন, সেই সফরের দিনই খুলনায় জোড়া খুন সংঘটিত হয়েছিল। এমনকি পুলিশের প্রধান আইজি যখন খুলনা সফরে যান, ঠিক সেই দিনও একটি প্রাইভেট হাসপাতালে সন্ত্রাসীরা চাঁদার দাবিতে ভাঙচুর করেছে। খুলনা অঞ্চলের প্রতিটি নাগরিক ও ব্যবসায়ী নিয়মিতভাবে চাঁদাবাজির শিকার হচ্ছেন। চরম আতঙ্কের কারণে তারা ভয়ে প্রশাসন বা কারো কাছে অভিযোগ পর্যন্ত করতে পারছেন না।

তিনি বলেন, এ অবস্থায় সাধারণ মানুষ কোথায় যাবে, কার কাছে কথা বলবে—তা নিয়ে চরম দ্বিধাসংকটে ভুগছে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকারের বিভিন্ন অঙ্গসংস্থা উপস্থিত থাকলেও বর্তমানে সবাই যেন কিছুটা অকার্যকর অবস্থায় রয়েছে।

জাতীয় সংসদের মাধ্যমে তিনি বিনীতভাবে সরকারের কাছে এবং প্রধানমন্ত্রীসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবিলম্বে খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ও বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার জোরালো আহবান জানান। পাশাপাশি উদ্ভূত পরিস্থিতির কারণে ব্যবসায়ীরা ইতোমধ্যে দোকানপাট বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন উলে­খ করে স্বরাষ্ট্রমন্ত্রীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
 

প্রিন্ট

আরও সংবাদ