খুলনা | বুধবার | ১১ নভেম্বর ২০২৬ | ২৬ কার্তিক ১৪৩৩

কক্সবাজার পাহাড়ে জিম্মি বেচাকেনা কঠোর পদক্ষেপ প্রয়োজন

|
১২:১৩ এ.এম | ১১ নভেম্বর ২০২৬


কক্সবাজার-টেকনাফের গহিন পাহাড়ি এলাকায় অপহরণকারীরা দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে। তাদের হাতে অস্ত্র থাকার খবরও পাওয়া যাচ্ছে। পত্রিকায় প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে চক্রের হোতাদের সঙ্গে মিয়ানমারের আরাকান আর্মির সম্পৃক্ততার তথ্য উঠে এসেছে, যা স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের জন্য তো বটেই, দেশের সার্বভৌমত্বের জন্যও বড় উদ্বেগের বিষয়।
জানা যায়, এই চক্রের সদস্যরা প্রথমে সাধারণ মানুষকে অপহরণ করে পাহাড়ি আস্তানায় বন্দি করে। এসব বন্দিশালায় চলে ভয়াবহ নির্যাতন। এরপর সুযোগ বুঝে তারাই বিক্রি করে দেয় মানব পাচারকারী চক্রের হাতে।
এভাবেই পাহাড়ে চলছে জিম্মি বেচাকেনা। উখিয়া-টেকনাফের পাহাড়ে অন্তত পাঁচ-ছয়টি বন্দিশালা রয়েছে বলে অনুসন্ধানে বেরিয়ে এসেছে। বন্দিশালাগুলো পাহারা এবং নিয়ন্ত্রণে শতাধিক সদস্য রয়েছে। তাদের বেশ কয়েকজনের নাম-পরিচয়ও জানা গেছে।
অনুসন্ধানে আরো জানা যায়, তাদের মধ্যে অনেকে দীর্ঘদিন আরাকান আর্মিতে যুদ্ধ করেছে। এরপর বাংলাদেশে এসে স্থানীয় অপহরণকারীদের সঙ্গে যোগ দিয়ে শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলেছে। এমন বন্দিশালার তথ্য পেয়ে গত বৃহস্পতিবার রাতে যৌথ বাহিনী অভিযান চালায়। ওই অভিযানে অর্ধশতাধিক জিম্মি উদ্ধার করা হয়। তবে ওই অভিযানে সন্ত্রাসীদের গুলিতে সেনা সদস্য মোঃ তিতাস শেখ (২৭) নিহত হন।
এদিকে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, অপহরণ ও মানব পাচারকারী চক্র অস্ত্র ব্যবহার করেছে। এ থেকেই ধারণা করা যায়, এসব অপরাধ চক্র কতটা মাথাচাড়া দিয়েছে।
কক্সবাজার-টেকনাফ এলাকায় মানবপাচার চক্রের খবর নতুন নয়। এসব বন্দিশালার খবর গোয়েন্দা বা আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর অজানা থাকার কথা নয়। এর আগেও কয়েক দফায় মানবপাচার নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে। গত ৭ মে ‘মাছ শিকারিরাই মানুষ শিকারে’ শিরোনামের এক প্রতিবেদনে ছৈয়দুল হক নামে এক হোতার নাম উঠে আসে। এরপর ৭ জুন পুলিশ তাঁকে আটকও করে। কিন্তু পরবর্তী সময়ে জামিনে বের হয়ে তিনি আবারও মানবপাচারে সক্রিয় হয়েছেন বলে খবরে উলে¬খ করা হয়। প্রশ্ন হলো, মানবপাচারের মতো গুরুতর অপরাধে জড়িত আসামি এত সহজেই জামিন পান কী করে? এই যদি হয় পরিস্থিতি, তাহলে অপরাধ নিয়ন্ত্রণ হবে কিভাবে? এ ছাড়া টেকনাফের আইন-শৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে রোহিঙ্গা ক্যাম্পের বিষয়টি নানাভাবে জড়িয়ে রয়েছে। অনেক রোহিঙ্গা অপরাধজগতে নিজের সাম্রাজ্য গড়ে তুলেছেন। এমন পরিস্থিতিতে রোহিঙ্গাদের প্রত্যর্পণের বিষয়টিও বিবেচনায় আনা অতীব জরুরি।
বলা হয়ে থাকে, টেকনাফের পাহাড়, সাগর, আন্তর্জাতিক সীমানার ভৌগোলিক সুবিধা নিয়ে থাকে পাচার চক্র। কিন্তু এটিও ঠিক, সমগ্র বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর। দুর্গম পাহাড়ি এলাকা বলেই সেসব এলাকায় বাড়তি নিরাপত্তাব্যবস্থা থাকা প্রয়োজন। এ ছাড়া কক্সবাজার আমাদের অপার সম্ভাবনার জায়গা। সারা বছরই সেখানে দেশি-বিদেশি পর্যটক যাতায়াত করে। এই হিসেবে ওই এলাকার নিরাপত্তা আরো কঠোর হওয়া বাঞ্ছনীয়। 
আমরা মনে করি, টেকনাফের অপরাধপ্রবণ এলাকায় ধারাবাহিক সাঁড়াশি অভিযান চালাতে হবে। ওই এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে স্থায়ী ও কঠোর পদক্ষেপ নিতে হবে। এ লক্ষে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সক্ষমতা বৃদ্ধির বিষয়টি এখন সময়ের দাবি। মানবপাচার এখন আর একটি দেশের ইস্যু নয়-কাজেই এই অপরাধ নিয়ন্ত্রণে আঞ্চলিক দেশগুলোর মধ্যে সহযোগিতাপূর্ণ সম্পর্ক জোরদার করা অপরিহার্য।

প্রিন্ট

আরও সংবাদ