খুলনা | বুধবার | ১১ নভেম্বর ২০২৬ | ২৬ কার্তিক ১৪৩৩

খুলনায় যুব এসআরএইচআর নেটওয়ার্ক গঠনে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক |
১২:৫০ এ.এম | ১১ নভেম্বর ২০২৬


যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (SRHR) বিষয়ে তরুণ-তরুণীদের সচেতনতা বৃদ্ধি, নেতৃত্বের বিকাশ এবং স্থানীয় পর্যায়ে কার্যকর যুব নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে খুলনায় জেলা পর্যায়ে এক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার খুলনার শিববাড়িস্থ হোটেল টাইগার গার্ডেনে DALIT-Youth Share-Net Project-এর উদ্যোগে আয়োজিত এ ওরিয়েন্টেশনে খুলনা জেলার বিভিন্ন এলাকার তরুণ-তরুণীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জজ কোর্টের সিনিয়র এড. মোঃ বাবুল হাওলাদার। স্বাগত বক্তব্য দেন Youth Share-Net Project-এর প্রজেক্ট ম্যানেজার শাকিরুন আক্তার। এ সময় উপস্থিত ছিলেন প্রকল্পের ফাইন্যান্স অফিসার প্রতাপ কুমার দাশ।
ওরিয়েন্টেশনে যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে তরুণ-তরুণীদের মৌলিক ধারণা, সম্ভাবনা, নেতৃত্বের সুযোগ এবং সামাজিক পরিবর্তনে তাদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি স্থানীয় পর্যায়ে যুব নেটওয়ার্ক গঠনের কাঠামো, সাংগঠনিক দায়িত্ব ও কর্তব্য, কমিটি গঠন এবং নেটওয়ার্কের কার্যক্রম পরিচালনার বিষয়ে অংশগ্রহণমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
অংশগ্রহণকারীরা ঝজঐজ বিষয়ে বিদ্যমান সামাজিক প্রতিবন্ধকতা, সচেতনতার ঘাটতি এবং স্থানীয় পর্যায়ের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে মতামত তুলে ধরেন। দলীয় আলোচনার মাধ্যমে কমিউনিটির উন্নয়নে তরুণ-তরুণীদের সম্ভাব্য উদ্যোগ, সামাজিক সচেতনতা তৈরির কৌশল এবং তথ্যভিত্তিক কনটেন্ট নির্মাণের বিষয়গুলো চিহ্নিত করা হয়।
আলোচনায় যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে ইতিবাচক সামাজিক পরিবর্তন আনতে তরুণ-তরুণীদের সক্রিয় অংশগ্রহণ, পারস্পরিক সহযোগিতা এবং সম্মিলিত নেতৃত্বের ওপর গুরুত্বারোপ করা হয়।
উল্লেখ্য, Amplify Change-এর অর্থায়নে এবং Red Orange Group-এর সহযোগিতায় DALIT Youth Share-Net Project বাস্তবায়ন করছে। প্রকল্পটির আওতায় যুবদের সম্পৃক্ত করে যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি, যুব নেতৃত্ব বিকাশ এবং স্থানীয় পর্যায়ে কার্যকর যুব নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রিন্ট

আরও সংবাদ