খুলনা | বুধবার | ১১ নভেম্বর ২০২৬ | ২৬ কার্তিক ১৪৩৩

২৪ হাজার ১৩টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার

ধর্ষণ মামলা ছাড়া সব রাজনৈতিক মামলা প্রত্যাহার হবে : সংসদে আইনমন্ত্রী

খবর প্রতিবেদন |
০১:১৩ এ.এম | ১১ নভেম্বর ২০২৬


আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান জানিয়েছেন, বিগত সময়ে রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মোট ২৪ হাজার ১৩টি মামলা এ পর্যন্ত প্রত্যাহার করা হয়েছে। রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে করা মামলা হলে ধর্ষণ মামলা ছাড়া হত্যাসহ অন্য সব ধরনের মামলাই তুলে নেওয়া হবে। মঙ্গলবার স্পিকার মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে বিকেল ৪টা ২০ মিনিটে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়। সেখানে সংসদ সদস্য মো. কেরামত আলী ও জয়নাল আবদীন ফারুকের সম্পূরক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।
সংসদ সদস্য কেরামত আলী তার প্রশ্নে জানতে চান বিগত ফ্যাসিস্ট আমলে দায়ের করা বিভিন্ন মিথ্যা ও রাজনৈতিক মামলা এখন পর্যন্ত নিষ্পত্তি না হওয়ায় হাজার হাজার মানুষ হয়রানির শিকার হচ্ছেন। কী কারণে এগুলো নিষ্পত্তি হয়নি এবং কবে নাগাদ হবে, সে বিষয়ে সরকারের কোনো রোডম্যাপ আছে কি না?
উত্তরে আইনমন্ত্রী জানান, রাজনৈতিক কারণে দায়েরকৃত হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহারের কার্যক্রম অন্তর্বতী সরকারের সময়ে শুরু হয়। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এ কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করে। এর অংশ হিসেবে ২০২৬ সালের ৫ মার্চ জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে ৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
জেলা পর্যায়ের কমিটিগুলোর কার্যপদ্ধতি ব্যাখ্যা করে মন্ত্রী জানান, এসব কমিটি মামলা প্রত্যাহারের আবেদনপত্র, এজাহার, প্রযোজ্য ক্ষেত্রে চার্জশিটের সার্টিফায়েড কপি এবং পাবলিক প্রসিকিউটরের মতামত পর্যালোচনা করে থাকে। মামলাটি রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে দায়ের করা হয়েছে কি না, জনস্বার্থে মামলা পরিচালনার প্রয়োজনীয়তা রয়েছে কি না এবং মামলা অব্যাহত থাকলে রাষ্ট্রের স্বার্থ ক্ষুণœ হওয়ার আশঙ্কা রয়েছে কি না-তা বিবেচনা করেই কেবল মামলা প্রত্যাহারের সুপারিশ করে তারা।
আইনমন্ত্রী আরও বলেন, জেলা কমিটিসমূহের সুপারিশ পরীক্ষা-নিরীক্ষা করে মামলা প্রত্যাহারের কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনার লক্ষ্যে একই বছরের ৮ মার্চ আইনমন্ত্রীকে আহŸায়ক করে ৬ সদস্যবিশিষ্ট একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে কোনো মামলা হয়রানিমূলক প্রমাণিত হলে, তা প্রত্যাহারে সরকার প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে।
আইনমন্ত্রী উলে­খ করেন, ১০ আগস্টের পর জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট মামলাগুলোর অধিকাংশের ইতোমধ্যেই চ‚ড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। আর যেসব মামলায় অভিযোগপত্র দেওয়া হলেও এখনো সাক্ষ্যগ্রহণ শুরু হয়নি, সেগুলো প্রত্যাহারের প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে। এভাবে ইতোমধ্যে ২৪ হাজারের বেশি মামলা প্রত্যাহার সম্পন্ন হয়েছে।
তিনি আরও বলেন, যেসব মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়ে গেছে, সেগুলোও প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে কিছু ব্যক্তি বেগম খালেদা জিয়ার আদর্শের অনুসারী হিসেবে আদালতের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় মামলা নিষ্পত্তি করে খালাস পাওয়ার পথ বেছে নিয়েছেন; সে কারণে সব মামলা একযোগে প্রত্যাহার করা সম্ভব হয়নি।
আইনমন্ত্রী স্পষ্ট করে জানান, যাদের বিরুদ্ধে এখনো মামলা রয়েছে, তারা নির্ধারিত ফরমে আবেদন করলে তা যাচাই-বাছাই করে প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হবে। মামলাটি রাজনৈতিক প্রকৃতির হলে ক্ষেত্রবিশেষে হত্যা মামলাও প্রত্যাহার করা হবে। তবে ধর্ষণ মামলা পুরোপুরি এর বাইরে থাকবে।
এর আগে সংসদ সদস্যদের এক লিখিত প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, এ পর্যন্ত মোট ২৪ হাজার ১৩টি রাজনৈতিক হয়রানিম‚লক মামলা প্রত্যাহার করা হয়েছে।
মন্ত্রী বলেন, বর্তমানে দেশে ৩৯৪টি বিচারকের পদ শূন্য রয়েছে। এসব শূন্যপদ পূরণের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে খুব শিগগিরই এই শূন্যতা ও সংকট দূর হবে।
তিনি আরও উলে­খ করেন, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে মামলা প্রত্যাহারের যেসব আবেদন এসেছিল, সেগুলোর মধ্যে ছাত্রশিবিরের আবেদনগুলো যথাযথ ফরমে জমা হওয়ায় তা প্রত্যাহার করা হয়েছে। তবে জামায়াতের পক্ষ থেকে পাঠানো কয়েকটি আবেদন সঠিক ফরমে না থাকায় ফেরত পাঠানো হয়েছে। এ বিষয়ে তিনি জামায়াতের নায়েবে আমির ও সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারকে ফোন করে আবেদনগুলো সঠিক ফরমে পুনরায় জমা দেওয়ার অনুরোধ জানিয়েছেন।
অন্যদিকে সংসদ সদস্য জয়নাল আবদিন ফারুক তার বিরুদ্ধে থাকা ৮৬টি মামলাসহ অন্যান্য সংসদ সদস্যদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর তালিকা সংসদে উপস্থাপনের অনুরোধ জানান। জবাবে আইনমন্ত্রী বলেন, মামলা দায়েরের সময় কোনোটির গায়ে ‘রাজনৈতিক মামলা’ লেখা থাকে না। এই কারণে ভুক্তভোগী রাজনৈতিক নেতা-কর্মীদের নির্ধারিত ফরমে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। আবেদন পাওয়া গেলে যথাযথ আইনি প্রক্রিয়ায় মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হবে।

প্রিন্ট

আরও সংবাদ