খুলনা | বুধবার | ১১ নভেম্বর ২০২৬ | ২৬ কার্তিক ১৪৩৩

সাতক্ষীরায় যৌতুকের মামলায় সাবেক পুলিশ কর্মকর্তার সাত বছরের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০১:৩০ এ.এম | ১১ নভেম্বর ২০২৬


যৌতুকের দাবিকৃত ২০ লাখ টাকা না পেয়ে স্ত্রীকে রড ও ইট দিয়ে পিটিয়ে নাকের হাড় ভেঙে দেওয়ার অভিযোগে সাবেক পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রফিকুল ইসলামকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 
মঙ্গলবার সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মোঃ জাকারিয়া হোসেন এক জনকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি সাবেক পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
মামলার বিবরণ ও অভিযোগপত্র সূত্রে জানা যায়, সাতক্ষীরার কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক থাকা অবস্থায় ২০১০ সালের ২৫ মে ইসলামী শরিয়াহ মোতাবেক তিন লাখ এক টাকা দেনমোহরে তানিয়া আরেফিনের সঙ্গে মোঃ রফিকুল ইসলামের বিয়ে হয়। তানিয়া সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পূর্ব নারায়ণপুর গ্রামের মৃত আব্দুল মজিদের মেয়ে। অন্যদিকে রফিকুল ইসলাম ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী প্রতাপপুর গ্রামের মৃত আফছার আলীর ছেলে। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্ত্রী তানিয়া আরেফিনের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর অভিযোগ ওঠে স্বামী রফিকুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এরই ধারাবাহিকতায় ২০২০ সালের ২৫ ডিসেম্বর ভোররাতে ২০ লাখ টাকা যৌতুকের দাবিতে তানিয়ার ওপর নির্মম নির্যাতন চালানো হয়। একপর্যায়ে রড ও ইট দিয়ে আঘাত করে তাঁর নাকের হাড় ভেঙে দেওয়া হয়। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তাঁকে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনার পর স্বামীর নির্যাতনের বিরুদ্ধে আইনি প্রতিকার ও ন্যায়বিচার চেয়ে তানিয়া আরেফিন সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া, সাক্ষ্য-প্রমাণ ও যুক্তিতর্ক পর্যালোচনা শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১১(খ) ও ১১(গ) ধারায় তাঁকে দোষী সাব্যস্ত করে আদালত তাকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ১৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো দু’মাসের বিনাশ্রম করার দণ্ডের আদেশ দেন। তবে আদালত উভয় ধারার সাজা একই সঙ্গে কার্যকর করার নির্দেশ দিয়েছেন। 
আসামি পুলিশ কর্মকর্তা রফিকুল ইসলাম বরগুনা জেলার তালতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. শেখ আলমগীর আশরাফ। তিনি রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
 

প্রিন্ট

আরও সংবাদ