খুলনা | বুধবার | ১১ নভেম্বর ২০২৬ | ২৭ কার্তিক ১৪৩৩

গাজীপুরে ফ্লাইওভারে অজ্ঞাত গাড়ির ধাক্কা, শিশুসহ নিহত ৩

খবর প্রতিবেদন |
০৪:৩২ পি.এম | ১১ নভেম্বর ২০২৬


ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর ফ্লাইওভারে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।

বুধবার (১১ নভেম্বর) বেলা সোয়া ২টার দিকে গাজীপুরের কালিয়াকৈরে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তবে তারা স্বামী-স্ত্রী ও সন্তান বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে গাজীপুরের কোনাবাড়ী থেকে একটি মোটরসাইকেলে তিনজন চন্দ্রার দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি কালিয়াকৈর উপজেলার সফিপুর ফ্লাইওভারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের চালক, এক নারী ও এক শিশু সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর মোরশেদ বলেন, তারা একজন শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছেন। তিনজন একই মোটরসাইকেলে থাকায় তারা একই পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, মোটরসাইকেলটি কোনাবাড়ী থেকে চন্দ্রার দিকে যাচ্ছিল। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দুর্ঘটনায় জড়িত গাড়ি ও চালককে শনাক্তের চেষ্টা চলছে।

প্রিন্ট

আরও সংবাদ