খুলনা | বুধবার | ১১ নভেম্বর ২০২৬ | ২৭ কার্তিক ১৪৩৩

সিদ্ধান্ত পরিবর্তনের দাবি পর্যটন ব্যবসায়ীদের

পর্যটকের মৃত্যুর জেরে সাতক্ষীরা রেঞ্জে সুন্দরবনে রাত্রিযাপনের পাশ বন্ধ

নিজস্ব প্রতবেদক, সাতক্ষীরা |
০৫:৩০ পি.এম | ১১ নভেম্বর ২০২৬


শ্যামনগরের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন এলাকা দিয়ে সুন্দরবন ভ্রমণে গিয়ে পর্যটক নিখোঁজ ও মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সাতক্ষীরা রেঞ্জ থেকে সুন্দরবনে রাত্রিযাপনের পাশ বন্ধ করেছে দিয়েছে বনবিভাগ। গত ৮ ও ৯ নভেম্বর দুই দফায় খুলনা বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে অনুুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে হঠাৎ করে সুন্দরবনে রাত্রি যাপনের পাশ বন্ধ করে দেওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন সাতক্ষীরা রেঞ্জের পর্যটন খাত সংশ্লিষ্টরা। একই সাথে কাছ থেকে সুন্দরবনের নৈসর্গিক সৌন্দর্য উপভোগের সুযোগ থেকে বঞ্চিত হবেন পর্যটকরা।

বন বিভাগ সূত্র জানায়, সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে গত ৬ নভেম্বর সুন্দরবন ভ্রমণে গিয়ে নিখোঁজ হন ময়মনসিংহের ভালুকার রিয়াজ আহমেদ নামে এক পর্যটক। এরপর ৮ নভেম্বর রাতে দুবলার চরের আলোরকোলের মাথারখাল থেকে ওই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে কাঠের তৈরি ট্রলারে রাত্রিযাপনের (তিন দিন) ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এদিকে, সাতক্ষীরা রেঞ্জ থেকে সুন্দরবন ভ্রমণে তিনদিনের পাশ অর্থাৎ রাত্রিযাপনের পাশ বন্ধ করায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় পর্যটন ব্যবসায়ী, ট্রলার মালিক, ট্যুর গাইডসহ সংশ্লিষ্টরা। তারা সরাসরি এটাকে পর্যটক পলিটিক্স হিসেবে আখ্যায়িত করে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জভিত্তিক যে সম্ভাবনা তা ধ্বংসের চক্রান্ত হিসেবে দাবি করেছেন।

পর্যটন সংশ্লিষ্টরা বলেন, সাতক্ষীরা জেলার ব্র্যান্ডিংই ‘ সাতক্ষীরার আকর্ষণ, সড়ক পথে সুন্দরবন’ এবং সাতক্ষীরা রেঞ্জ থেকে যেভাবে সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করা যায়, অন্য কোথাও থেকে তা করা যায় না। তাই সাতক্ষীরা রেঞ্জ থেকে সুন্দরবন ভ্রমণের তিনদিনের পাশ বন্ধ চরম হঠকারী একটি সিদ্ধান্ত।

পর্যটকবাহী বোট মালিক জাহাঙ্গীর আলম বলেন, আমরা ঋণ করে টুরিস্ট বোট তৈরি করেছি। এখন যদি পারমিশন বন্ধ করে দেয়, তাহলে আমাদের উপায় কি হবে? এই ঋণ শোধ করবো কি করে? আমরা চাই দ্রæততম সময়ের মধ্যে বনবিভাগ সিদ্ধান্ত পরিবর্তন করে তিন দিনের পারমিশন খুলে দিক।

মুন্সিগঞ্জ ট্রলার মালিক সমিতির ক্যাশিয়ার মোঃ জাহাঙ্গীর আলম বলেন, প্রায় ৩৫ বছর ধরে মুন্সিগঞ্জ থেকে পর্যটক চলাফেরা করে, আগে এমন দুর্ঘটনা কখনো ঘটেনি। এটা একটি বিছিন্ন ঘটনা। এটাকে কেন্দ্র করে যদি পাস বন্ধ করে দেওয়া হয় তাহলে বলার কিছু নেই।

সুন্দরবনের ট্যুর গাইড জিএম মাসুম বিল­াহ বলেন, সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে এই প্রথম কোনো দুর্ঘটনা ঘটলো। এর আগে ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর কচিখালীর ডিমের চরে গোসল করতে নেমে স্রোতের টানে ডুবে মারা যান আব্দুল­াহ (১৬) নামের এক পর্যটক। ২০২৩ সালের ২৪ ফেব্রæয়ারি পশুর নদ এলাকায় পর্যটকবাহী একটি জালি বোট ডুবে যায়। এ ঘটনায় ১৩ পর্যটককে জীবিত উদ্ধার করা হয়েছিল। এ ছাড়া ২০২৫ সালে ৮ নভেম্বর ঢাংমারি খালেও ১৩ পর্যটক নিয়ে আরো একটি জালিবোট ডুবে গিয়েছিল। এসব ঘটনায় কোনো পদক্ষেপ নেয়নি বনবিভাগ। অতি আত্মবিশ্বাসী পর্যটকদের অসর্তকতায় ঘটে যাওয়া দুর্ঘটনাকে কেন্দ্র করে সাতক্ষীরা রেঞ্জের পাশ কেন বন্ধ হবে?

এ বিষয়ে পশ্চিম সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান বলেন, আপাতত সাতক্ষীরা রেঞ্জ থেকে কাঠ বডি ট্রলারে রাত্রিযাপনের (তিন দিন) পারমিশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এক দিনের পারমিশন পূর্বের নিয়মে চলবে। তিন দিনের পারমিশন বন্ধের পরিপত্র জারি করার প্রস্তুতি চলছে।

এই নিষেধাজ্ঞা কত দিন চলতে পারে এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, আপাতত অনির্দিষ্টকালের জন্য বন্ধ হচ্ছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন মহলে আলোচনা হচ্ছে। পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে।

প্রিন্ট

আরও সংবাদ