খুলনা | বুধবার | ১১ নভেম্বর ২০২৬ | ২৭ কার্তিক ১৪৩৩

উন্নয়ন বাধাগ্রস্ত করতেই দাকোপে অগ্নিসন্ত্রাস শুরু করেছে আ.লীগ: মনিরুল হাসান বাপ্পী

দাকোপ প্রতিনিধি |
০৬:৪৪ পি.এম | ১১ নভেম্বর ২০২৬


খুলনা জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী অভিযোগ করে বলেছেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা দাকোপে পরিকল্পিতভাবে অগ্নিসন্ত্রাস শুরু করেছে। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যখন দাকোপ উপজেলাকে অত্যাধুনিক সুবিধাসহ ঢেলে সাজাতে চাইছেন, ঠিক তখনই তারা জ্বালাও-পোড়াও করে এই অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নষ্ট করছে।

বুধবার (১১ নভেম্বর) বিকেল ৪টায় দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত সন্ত্রাস প্রতিরোধ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি ও অগ্নিসন্ত্রাসের বিষয়ে মনিরুল হাসান বাপ্পী বলেন, নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে আওয়ামী ফ্যাসিস্টরা দলীয় কার্যালয় পুড়িয়ে অগ্নিসন্ত্রাস শুরু করেছে। বিগত ১৭ বছরে দাকোপে একাধিক গায়েবি মামলা দিয়ে শত শত নেতাকর্মীকে জেল-জুলুম ও নির্যাতন করা হয়েছিল। যারা এসব কর্মকাণ্ডে জড়িত ছিল, তারা এখনো প্রকাশ্যে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে।

তিনি আরও বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর উন্নয়ন ও সমৃদ্ধির বাংলাদেশ বিনির্মাণে বাধাদানকারী আওয়ামী সন্ত্রাসীদের দ্রুত আটক করে আইনের আওতায় আনতে হবে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে প্রশাসনকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি বিএনপির নেতাকর্মীদের প্রতিটি এলাকায় সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিষয়ে সজাগ দৃষ্টি রাখার নির্দেশ দেন।

দেশের অভ্যন্তরে কিংবা সীমান্তের ওপার থেকে যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষণা দিয়ে জেলা বিএনপির এই নেতা বলেন, কোনো ধরনের ষড়যন্ত্র বা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হলে জনগণকে সাথে নিয়ে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকরা তা কঠোরভাবে প্রতিহত করবে।

এ সময় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, হাজার হাজার রাজনৈতিক কর্মী ও ছাত্র-জনতাকে হত্যাকারী খুনিকে কখনোই পাসপোর্টের মাধ্যমে ফিরিয়ে আনবে না বাংলাদেশ। বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বিএনপি সরকার আলোচনা চলমান রেখেছে।

পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে বাপ্পী বলেন, আবেগতাড়িত হয়ে কথা বলবেন না। সন্ত্রাসীর পরিচয় সে সন্ত্রাসী, তাকে আইনের আওতায় এনে কঠোর হস্তে দমন করতে হবে। বিগত ১৭ বছর যারা জুলুম, নির্যাতন ও হয়রানি করেছে এবং কেন্দ্র দখল করে বিনা ভোটে জনপ্রতিনিধি হয়েছে, তারা কীভাবে এখনো জনসম্মুখে হুঙ্কার দিচ্ছে? সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভয়ভীতিকর পোস্ট দিয়ে আতঙ্ক ছড়াচ্ছে। তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করুন। তাদের পক্ষ নিয়ে যারা দালালি ও তদবির করবে, তাদেরও আইনের আওতায় নিয়ে আসুন।

প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী। তাই অতীতের সরকার ও বর্তমান সরকারের মধ্যে তুলনা করে কথা বলতে হবে। বিগত ১৭ বছরে দেশ ও দেশের মানুষ নানা ক্ষেত্রে পিছিয়ে পড়েছিল। সেখান থেকে গত ৭-৮ মাসে বিএনপি সরকার দেশকে কোথায় নিয়ে এসেছে, তা বিবেচনায় আনুন। দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তাদের আরও বেশি আন্তরিক হওয়ার আহ্বান জানাচ্ছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এসএম শামীম কবির, সাবেক যুগ্ম-আহবায়ক আশরাফুল আলম নান্নু, জেলা যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক আইয়ুব হোসেন মোল্লা।

উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক শেখ মোজাফ্ফার হোসেন, সাবেক সদস্য সচিব আল-আমিন সানা, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক গাজী শহিদুল ইসলাম, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সম্পাদক ইকরামুল সানা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক গাজী জাহাঙ্গীর আলম ও দীপক কুমার, শহিদুল ইসলাম, বাচ্চু ফকির, পৌর বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক আইয়ুব কাজী, বিল্লাল হোসেন মোল্লা ও হাফিজুর রহমান প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ