খুলনা | বুধবার | ২৫ নভেম্বর ২০২৬ | ১১ অগ্রাহায়ণ ১৪৩৩

ফাতেমা এন্টারপ্রাইজের ডিলারশিপ পুনর্বহালের দাবিতে মানববন্ধন

খবর বিজ্ঞপ্তি |
১২:১৬ এ.এম | ১২ নভেম্বর ২০২৬


খুলনা সিটি কর্পোরেশনের ২২ নম্বর ওয়ার্ডে ফাতেমা এন্টারপ্রাইজের ওএমএস (ওপেন মার্কেট সেল) ডিলারশিপ কার্যক্রম গত তিন মাস ধরে বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকার অসহায়, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ। স্বল্পমূল্যে চাল ও আটা পাওয়ার অন্যতম ভরসাস্থল বন্ধ থাকায় বিশেষ করে বৃদ্ধ ও দরিদ্র পরিবারগুলো খাদ্যসংকটে পড়েছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। এ পরিস্থিতিতে ফাতেমা এন্টারপ্রাইজের ওএমএস ডিলারশিপ পুনর্বহালের দাবিতে গতকাল বুধবার খুলনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন নগরীর ২২নং ওয়ার্ডের সাধারণ জনগণ। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে স্বল্পমূল্যে চাল ও আটা কেনার সুযোগ দরিদ্র মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু কোনো কারণ ছাড়াই গত তিনমাস ধরে ডিলারশিপ কার্যক্রম বন্ধ থাকায় সাধারণ মানুষ সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। 
এলাকাবাসীর দাবি, ফাতেমা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রাজন দীর্ঘদিন ধরে এলাকার মানুষের মধ্যে জনপ্রিয়তার সঙ্গে ডিলারশিপের মাধ্যমে পণ্য বিতরণ করে আসছিলেন। তবে কিছু দুষ্কৃতিকারীর অসৎ উদ্দেশ্য ও ক্ষমতার অপব্যবহারের কারণে তাঁর ডিলারশিপ বন্ধ রাখা হয়েছে বলে অভিযোগ করেন তাঁরা। ডিলারশিপ পুনরায় চালুর জন্য রাজন বিভিন্ন দপ্তরসহ খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে একাধিকবার আবেদন ও লিখিত দরখাস্ত জমা দিয়েছেন। সংশ্লি¬ষ্ট দপ্তরগুলোর দ্বারে দ্বারে ঘুরেও এখন পর্যন্ত কোনো প্রতিকার পাননি বলে দাবি করেন তিনি। মানববন্ধনে এলাকাবাসী বলেন, তাঁরা কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, বরং ২২ নম্বর ওয়ার্ডের সাধারণ দরিদ্র মানুষের স্বার্থে ফাতেমা এন্টারপ্রাইজের ডিলারশিপ পুনর্বহাল চান। তাঁদের দাবি, এই প্রতিষ্ঠানের মাধ্যমে স্বল্পমূল্যে চাল ও আটা বিতরণ করা হলে সাধারণ মানুষ সহজে এবং কোনো ভোগান্তি ছাড়াই ন্যায্যমূল্যে পণ্য সংগ্রহ করতে পারবেন। মানববন্ধন থেকে বিষয়টি সরকারের উচ্চপর্যায়ের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে ফাতেমা এন্টারপ্রাইজের ওএমএস ডিলারশিপ পুনর্বহালের দাবি জানানো হয়। একই সঙ্গে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।
মানববন্ধন শেষে এলাকাবাসী খুলনা সিটি কর্পোরেশনের কার্যালয়ের সামনে গিয়ে প্রশাসকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। তাঁরা জানান, দ্রুত এ সমস্যার সমাধান না হলে দাবি আদায়ে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। 

প্রিন্ট

আরও সংবাদ