খুলনা | বুধবার | ২৫ নভেম্বর ২০২৬ | ১১ অগ্রাহায়ণ ১৪৩৩

রুশ বিপ্লব ও বাসদের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ

পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ, মৌলবাদের বিরুদ্ধে সমাজতন্ত্রের সংগ্রাম জোরদার করার আহবান

খবর বিজ্ঞপ্তি |
১২:১৮ এ.এম | ১২ নভেম্বর ২০২৬


রাশিয়ার মহান সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৯তম বার্ষিকী ও বাসদের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ খুলনা জেলা শাখার উদ্যোগে গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে লাল পতাকা নিয়ে বর্ণাঢ্য মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ হাদিস পার্কে এসে শেষ হয়।
বাসদের খুলনা জেলা কমিটির আহবায়ক জনার্দন দত্ত নাণ্টুর সভাপতিত্বে ও সদস্য সচিব কোহিনুর আক্তার কনার পরিচালনায় সমাবেশে বক্তৃতা  করেন জেলা কমিটির সদস্য আব্দুল করিম, প্রলয় মজুমদার, এড. সনজিত মন্ডল, শ্রমিক নেতা ইউনুস আহমেদ মাসুদ, আবদুল আলিম, জাহাঙ্গীর শেখ, ফিরোজ মোল্লা, কৃষক নেতা উল্লাস মজুমদার, নারীনেত্রী অপর্না মজুমদার, রানি আক্তার প্রমুখ। 
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ১৯১৭ সালের ৭ নভেম্বর মহামতি লেনিনের নেতৃত্বে রাশিয়ায় সমাজতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে পৃথিবীর বুকে প্রথম শ্রমিক শ্রেণির রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। এই বিপ্লব মানব সভ্যতাকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিল। সবার জন্য শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের নিশ্চিয়তা বিধান করেছিল। ইতিহাস, দর্শন, শিল্প-সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, মহাকাশ গবেষণায় এক অভ‚তপূর্ব অগ্রগতি সাধন করেছিল। নারীর মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছিল। শ্রমের মর্যাদা প্রতিষ্ঠার এই ব্যবস্থা ১৯৩৭ সালে ঘোষণা করেছিল, রাশিয়ায় কোন বেকার নেই, ভিক্ষুক নেই, পতিতা নেই। ১৯২৯ সালের মহামন্দায় উন্নত ধনতান্ত্রিক দেশগুলো যখন ধুঁকছিল, ঠিক তখনই কমরেড স্ট্যালিনের নেতৃত্বে পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে সমাজতান্ত্রিক রাশিয়ার প্রবৃদ্ধি ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে। নেতৃবৃন্দ বলেন, আমাদের দেশ আজ গভীর সংকটে নিপতিত। আকাশচুম্বী বেকারত্ব, ক্রমবর্ধমান দারিদ্র‍্য, অসহনীয় দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলার চরম অবনতি ও জান মালের নিরাপত্তাহীনতা, মব সন্ত্রাস, উগ্র সা¤প্রদায়িক শক্তির আস্ফালন, নারী ও শিশু নির্যাতন, খুন-ধর্ষণ ও মাদকের বিস্তার অতীতের সব রেকর্ড ভেঙ্গে  দিয়েছে। খুলনায় প্রতিদিন হত্যা, সন্ত্রাস ও চাঁদাবাজির ঘটনায় জনগণ আতঙ্কে দিনাতিপাত করছে। নেতৃবৃন্দ বলেন, সরকার ৪৪টি রাষ্ট্রায়ত্ব শিল্প কলকারখানা দেশি-বিদেশি লুটেরাদের হাতে নামমাত্র দামে বিক্রি করে দিচ্ছে। সরকারের ভুল নীতি, দুর্নীতি ও অসৎ ব্যবসায়ী সিন্ডিকেটের কবলে পড়ে কৃষক ধান-গম, আলু-পিঁয়াজসহ ফসলের লাভজনক দাম পাচ্ছে না। সার-সেচ, বীজ-কীটনাশকসহ সকল কৃষি উপকরণের দাম ক্রমাগত বাড়ছে। বাজারে সার না পেয়ে গুদাম থেকে সার আনতে গিয়ে কৃষক মামলাসহ নানা হয়রানির শিকার। ডেঙ্গু-হামে মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে। বিকল্প কর্মসংস্থান সৃষ্টি না করে হকার ও রিক্সা উচ্ছেদ করা হচ্ছে। নেতৃবৃন্দ বলেন, ড. ইউনূসের সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি করে আমাদের দেশের অর্থনীতি, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দিয়ে গিয়েছে। বিএনপি সরকার দাসত্বের ঐ চুক্তি বাতিল না করে বাস্তবায়ন করে চলেছে। এতে দেশের শিল্প, কৃষি, ঔষধ শিল্প ধ্বংস হবে, জ্বালানি নিরাপত্তা হুমকিতে পড়ছে। ইতোমধ্যে গ্যাস, বিদ্যুৎ, ডিজেলসহ জ্বালানির দাম দফায় দফায় বৃদ্ধি করছে সরকার। লাভজনক চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টারমিনাল বিদেশি ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেয়া হয়েছে। ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লা খনি ও সুন্দরবনের আকরাম পয়েন্টে এলএনজি টার্মিনাল নির্মাণের মতো পরিবেশ বিধ্বংসী অপতৎপরতা চালাচ্ছে। নেতৃবৃন্দ আরো বলেন, সরকার পে-স্কেল ঘোষণা করে তা বাস্তবায়নের নির্দেশ দিয়েছে অথচ ন্যূনতম মজুরি ঘোষণা করতে মজুরি বোর্ড গঠনে গড়িমসি করায় সৃষ্ট তীব্র শ্রমিক আন্দোলনের চাপে তা গঠন করতে বাধ্য হয়েছে। শ্রমিক আন্দোলনের উপর সরকার দলীয় ঠ্যাঙ্গাড়ে বাহিনী ও পুলিশ ব্যাপক নির্যাতন-নিপীড়ন চালিয়েছে এবং তৌফিক নামে একজন শ্রমিককে পিটিয়ে হত্যা করেছে। আন্দোলন ও জীবনদান ছাড়া আজ পর্যন্ত কোনদিন শ্রমিকের মজুরি বাড়েনি। মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সারা দুনিয়ায় আজ সাম্রাজ্যবাদী যুদ্ধ ও আগ্রাসন-লুন্ঠন চলছে। এর কবল থেকে মুক্তি পেতে হলে পুঁজিবাদী দুঃশাসন, সাম্রাজ্যবাদী আগ্রাসন, মৌলবাদী সা¤প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সমাজতন্ত্র সাম্যবাদ প্রতিষ্ঠার সংগ্রাম জোরদার করার কোন বিকল্প নেই উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, কেবল সমাজতন্ত্রই পারে সাম্রাজ্যবাদকে মোকাবিলা করতে।

প্রিন্ট

আরও সংবাদ