খুলনা | বৃহস্পতিবার | ১২ নভেম্বর ২০২৬ | ২৮ কার্তিক ১৪৩৩

খুলনা বিভাগীয় বিশেষ জজ আদালত

মানি লন্ডারিং মামলায় একজনের জেলজরিমানা

নিজস্ব প্রতিবেদক |
০১:৪২ এ.এম | ১২ নভেম্বর ২০২৬


প্রায় ৩ কোটি টাকা অবৈধ লেনদেন এর মানি লন্ডারিং মামলায় শেখ মুরাদ হোসেন (৩৫) নামের এক কাঁচামাল ব্যবসায়ীকে ৪ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। 
বুধবার দুপুরে খুলনার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মোহাঃ আদীব আলী এ রায় ঘোষণা করেছেন। শেখ মুরাদ হোসেন নড়াইল জেলার নড়াগাতি থানার জয়নগর গ্রামের মৃত আব্দুস সামাদ শেখের ছেলে। সে নগরীর সোনাডাঙ্গা থানাধীন আলীর ক্লাব রোডস্থ দারুস সালাম মসজিদের পার্শ্বে বসবাস করত। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।  
আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী ইয়াছিন আলী নথীর বরাত দিয়ে জানান, ২০১১ সালের ১৯ সেপ্টেম্বর এসআই প্রবীর কুমার বিশ্বাস সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চেকিং ডিউটি (চেক-১১) করা কালে মুরাদ হোসেন একটি স্কুল ব্যাগ হাতে নিয়ে ফেরিঘাট অভিমুখে যাওয়ার সময় তাকে তল্লাশি করেন। এ সময় ৪ লাখ ২৫ হাজার টাকা এবং ব্রাক ব্যাংক খুলনা শাখার মুড়িযুক্ত চেক বই পাওয়া যায়। কোথা হতে এত টাকা আনিয়াছে জিজ্ঞাসা করিলে মুরাদ জানায় উক্ত টাকা অদ্য ব্রাক ব্যাংক খুলনা ব্রাঞ্চ হতে উত্তোলন করে গ্রামের বাড়িতে নিয়া যাচ্ছে। পরে চেক বই পর্যালোচনায় দেখা যায় বিগত ৯ মাসে ১৭টি চেকের মাধ্যমে সর্বমোট ৭৭ লাখ ৫৪ হাজার ৭০০ টাকা উত্তোলন করেছে সে। জিজ্ঞাসাবাদে জানা যায় সে একজন কাঁচা মালের ব্যবসায়ী। কাঁচা মালের ব্যবসা করে বিপুল পরিমান অর্থ লেনদেন করার মত তার কোন বৈধ উৎস নেই। জিজ্ঞাসাবাদে  সে আরও জানায় খুলনা শাখা ব্র্যাক ব্যাংক হতে এত কম সময়ে বিপুল পরিমাণ অর্থ উত্তোলন করে অবৈধ উপারে গোপনীয় ভাবে মানি লন্ডারিং এর ব্যবসা করে আসছে। এ ঘটনায় এসআই প্রবীর কুমার বিশ্বাস বাদী হয়ে খুলনা থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করেন যার নং-২৯। ২০১৩ সালের ১৩ মে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমম্বিত জেলা কার্যালয় খুলনার  উপ-সহকারী পরিচালক মোঃ আমিনুল ইসলাম আদালতে শেখ মুরাদ হোসেনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। রাষ্টপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি এড. মোঃ মোফাককার হোসেন মনি।

প্রিন্ট

আরও সংবাদ