খুলনা | বৃহস্পতিবার | ১২ নভেম্বর ২০২৬ | ২৮ কার্তিক ১৪৩৩

ট্রাম্প-পুতিন, হানি ট্র্যাপে পড়েছেন যেসব বিখ্যাত মানুষ

খবর প্রতিবেদন |
০২:৫৩ পি.এম | ১২ নভেম্বর ২০২৬


প্রেম, ঘনিষ্ঠতা কিংবা আবেগের সম্পর্ক মানুষের জীবনের খুব স্বাভাবিক একটি ঘটনা। সব মানুষই প্রেমে পড়েন, কেউ কেউ বারবার পড়েন। প্রেমে পড়ার আসলে কোনো সংজ্ঞা নেই, বয়স-নাম-যশ-খ্যাতি-জাতি-ধর্ম-বর্ণ-ভাষা কোনো কিছুই বাঁধা হতে পারে না। এর পরিণতি কিন্তু সব সময় এক নয়। প্রেম কখনো প্রণয় থেকে স্থায়ী সম্পর্কে পরিণত হয় কখনো নাম নেয় পরকীয়ায়। কখনো কখনো এই প্রেম হয়ে উঠতে পারে গুপ্তচরবৃত্তির হাতিয়ার।

সম্প্রতি বিশ্বের অন্যতম বড় প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াংকে ঘিরে কথিত চীনা গুপ্তচর ও হানি ট্র্যাপের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। এক নারীর সঙ্গে তার বিবাহবহির্ভূত সম্পর্কের খবর প্রকাশ্যে আসার পর বিষয়টি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা, প্রযুক্তি ও আন্তর্জাতিক রাজনীতির আলোচনাতেও জায়গা করে নিয়েছে। তবে হুয়াংয়ের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির ফাঁদে পড়ার অভিযোগ এখনো তদন্তাধীন; ওই নারী চীনের গুপ্তচর-এমন দাবিও এখনো প্রমাণিত নয়।

কিন্তু হানি ট্র্যাপের ঘটনা কি এটাই প্রথম? মোটেও নয়। ইতিহাসে এমন অনেক ঘটনা আছে, যেখানে প্রেমের সম্পর্কের আড়ালে গোপন তথ্য সংগ্রহ, ব্ল্যাকমেইল কিংবা কাউকে অপহরণের মতো ঘটনা ঘটেছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি থেকে শুরু করে কূটনীতিক ও সেনা কর্মকর্তারাও পড়েছেন এমন ফাঁদে।

হানি ট্র্যাপ আসলে কী?
হানি ট্র্যাপ হলো এমন এক কৌশল, যেখানে প্রেম, যৌন আকর্ষণ কিংবা ঘনিষ্ঠ সম্পর্কের মাধ্যমে কাউকে নিজের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। গুপ্তচর সংস্থাগুলো এ পদ্ধতি ব্যবহার করে লক্ষ্য ব্যক্তির কাছ থেকে গোপন তথ্য সংগ্রহ করতে পারে। কখনো সম্পর্কের গোপন ছবি বা তথ্য দিয়ে ব্ল্যাকমেইল করেও তাকে বাধ্য করা হয় সহযোগিতা করতে।

শীতল যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা সংস্থা কেজিবি নারী এজেন্টদের দিয়ে এমন অভিযান চালাত। পূর্ব জার্মানির গোয়েন্দা সংস্থা স্টাসিও পশ্চিম জার্মানির গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কর্মরত নারীদের সঙ্গে সম্পর্ক গড়তে পুরুষ এজেন্ট পাঠাত। তাদের বলা হতো ‘রোমিও স্পাই’।

প্রেমের সম্পর্কে জড়িয়ে ফরাসি কূটনীতিক
হানি ট্র্যাপের ইতিহাসে সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি ফরাসি কূটনীতিক বার্নার্ড বুরসিকোকে ঘিরে। ১৯৬৪ সালে চীনের বেইজিংয়ে তার পরিচয় হয় অপেরা শিল্পী শি পেই পুয়ের সঙ্গে। তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। বুরসিকো বিশ্বাস করতেন, শি একজন নারী এবং তাদের একটি সন্তানও রয়েছে।

কিন্তু পরে জানা যায়, শি আসলে পুরুষ। অভিযোগ ওঠে, চীনা গোয়েন্দাদের সঙ্গে যুক্ত থেকে তিনি বুরসিকোর কাছ থেকে ফরাসি কূটনৈতিক নথি সংগ্রহ করতেন। ১৯৮৩ সালে ফ্রান্সে দুজন গ্রেফতার হন। ১৯৮৬ সালে গুপ্তচরবৃত্তির দায়ে তাদের কারাদণ্ড দেওয়া হয়। প্রায় দুই দশকের সম্পর্কের আড়ালে কীভাবে গোপন তথ্য পাচার হয়েছিল, তা বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয়।

ছবি তুলে ব্ল্যাকমেইল, তথ্য পাচার
ব্রিটিশ কূটনীতিক জন ভ্যাসালের ঘটনাটিও বেশ চাঞ্চল্যকর। ১৯৫০-এর দশকে মস্কোয় দায়িত্ব পালনের সময় সোভিয়েত গোয়েন্দারা তাকে আপত্তিকর পরিস্থিতিতে ছবি তুলে ফাঁদে ফেলে। পরে সেই ছবি প্রকাশের ভয় দেখিয়ে তার কাছ থেকে গোপন তথ্য আদায় করা হয়। ভ্যাসাল ব্রিটিশ নৌবাহিনী ও কূটনৈতিক সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নথি সোভিয়েতদের হাতে তুলে দেন।

একই ধরনের ফাঁদে পড়েছিলেন মার্কিন মেরিন সেনা ক্লেটন লোনট্রি। ১৯৮০-এর দশকে মস্কোয় মার্কিন দূতাবাসে দায়িত্ব পালনের সময় এক সোভিয়েত নারীর সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। পরে ওই নারী তাকে কেজিবির এক কর্মকর্তার সঙ্গে পরিচয় করিয়ে দেন। সম্পর্কের সূত্র ধরে লোনট্রি দূতাবাসের নিরাপত্তাব্যবস্থা ও অভ্যন্তরীণ কার্যক্রমের তথ্য সরবরাহ করেন। ১৯৮৭ সালে গুপ্তচরবৃত্তির দায়ে তার সাজা হয়।

প্রেমের ফাঁদে কূটনীতিক, লক্ষ্য ছিল গোপন সংকেত
১৯৮০ সালে সিঙ্গাপুরের সাইফার কর্মকর্তা অ্যালান উই খেং সুন মস্কোয় দায়িত্ব পালনকালে এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। পরে জানা যায়, ওই নারী সোভিয়েত গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছিলেন। সম্পর্কের একপর্যায়ে তাকে ব্ল্যাকমেইল করা হয়। এরপর তিনি কূটনৈতিক বার্তা ও সিঙ্গাপুরের সংকেতব্যবস্থা-সংক্রান্ত গোপন তথ্য সরবরাহ করেন। এ ঘটনায় তার ১০ বছরের কারাদণ্ড হয়।

প্রেমের ফাঁদে ফেলে অপহরণ
সব হানি ট্র্যাপের উদ্দেশ্য যে তথ্য আদায়, তা নয়। কখনো কাউকে নির্দিষ্ট জায়গায় নিয়ে গিয়ে আটক করাও এর লক্ষ্য হতে পারে। ইসরায়েলের পরমাণু কর্মসূচির গোপন তথ্য প্রকাশ করা প্রযুক্তিবিদ মর্দখাই ভানুনুর ঘটনাটি তেমনই এক উদাহরণ।

১৯৮৬ সালে লন্ডনে থাকা ভানুনুর সঙ্গে ‘সিন্ডি’ ছদ্মনামের এক নারীর পরিচয় হয়। পরে ওই নারী তাকে ইতালির রোমে যেতে রাজি করান। সেখানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্যরা তাকে অপহরণ করে ইসরায়েলে নিয়ে যায়। পরে তার ১৮ বছরের কারাদণ্ড হয়। অর্থাৎ এখানে ভানুনুকে গোপন তথ্য দিতে বাধ্য করার চেয়ে তাকে আটক করাই ছিল মূল উদ্দেশ্য।

রাজনীতিতেও হানি ট্র্যাপের ছায়া
১৯৬০-এর দশকে যুক্তরাজ্যে আলোচিত হয়েছিল ‘প্রফিউমো কেলেঙ্কারি’। ব্রিটিশ যুদ্ধবিষয়ক মন্ত্রী জন প্রফিউমোর সঙ্গে ক্রিস্টিন কিলার নামের এক নারীর সম্পর্কের খবর প্রকাশ্যে আসে। একই সময়ে ওই নারীর সঙ্গে সোভিয়েত নৌ-অ্যাটাশে ইয়েভগেনি ইভানভের যোগাযোগের বিষয়টিও সামনে আসে। এতে ব্রিটিশ সরকারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। শেষ পর্যন্ত ১৯৬৩ সালে প্রফিউমোকে পদত্যাগ করতে হয়। তবে ঘটনাটিকে সরাসরি পরিকল্পিত হানি ট্র্যাপ হিসেবে প্রমাণ করা যায়নি।

আধুনিক যুগে বদলেছে ফাঁদ পাতার কৌশল
আগে হানি ট্র্যাপের জন্য সরাসরি পরিচয়, সাক্ষাৎ কিংবা গোপন ক্যামেরার ওপর নির্ভর করতে হতো। এখন সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন পরিচয় ও ডিজিটাল যোগাযোগও এ ধরনের ফাঁদ পাতার সুযোগ তৈরি করেছে। তবে প্রযুক্তি যতই বদলাক, মূল কৌশলটি একই বিশ্বাস অর্জন করে ব্যক্তিগত দুর্বলতা বা গুরুত্বপূর্ণ তথ্যের নাগাল পাওয়া।

এনভিডিয়ার জেনসেন হুয়াংকে ঘিরে সাম্প্রতিক অভিযোগও তাই নতুন করে প্রশ্ন তুলেছে, ব্যক্তিগত সম্পর্কের আড়ালে কোনো রাষ্ট্রের গোয়েন্দা তৎপরতা চলতে পারে কি না। হুয়াং ওই সম্পর্কের কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন বলে সংবাদমাধ্যম জানিয়েছে। তবে তার কাছ থেকে কোনো গোপন তথ্য নেওয়া হয়েছে কি না, কিংবা ওই নারী সত্যিই গুপ্তচর কি না, তা তদন্তের বিষয়। চীনও গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করেছে।

ডোনাল্ড ট্রাম্প: মস্কোয় কথিত ‘হানি ট্র্যাপ’ ও ব্ল্যাকমেইলের অভিযোগ
২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে সাবেক ব্রিটিশ গোয়েন্দা কর্মকর্তা ক্রিস্টোফার স্টিলের তৈরি একটি গোয়েন্দা নথি (স্টিল ডসিয়ার) প্রকাশ্যে আসে। সেখানে দাবি করা হয়, ২০১৩ সালে মস্কোয় মিস ইউনিভার্স প্রতিযোগিতার সময় ট্রাম্পের ব্যক্তিগত জীবনের কিছু আপত্তিকর তথ্য রাশিয়ার গোয়েন্দারা সংগ্রহ করে থাকতে পারে। মস্কোর একটি হোটেলে যৌন কর্মকাণ্ডের ভিডিও ধারণ করে তা দিয়ে তাকে ব্ল্যাকমেইল করার সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছিল।

নথিতে আরও অভিযোগ ছিল, রুশ প্রেসিডেন্ট পুতিনের অনুমোদনে রাশিয়া কয়েক বছর ধরে ট্রাম্পকে প্রভাবিত করার চেষ্টা করছিল। তবে এসব অভিযোগের গুরুত্বপূর্ণ অংশের স্বাধীন প্রমাণ পাওয়া যায়নি। ২০১৭ সালে প্রকাশিত স্টিল ডসিয়ারের তথ্যকে তখনই ‘যাচাই না হওয়া’ বলে উল্লেখ করা হয়েছিল।

২০২০ সালে প্রকাশিত মার্কিন সিনেটের গোয়েন্দা কমিটির প্রতিবেদনে ট্রাম্পের বিরুদ্ধে রাশিয়ার সম্ভাব্য আপত্তিকর তথ্য সংগ্রহের বিষয়টি পর্যালোচনা করা হয়। সেখানে ১৯৯৬ সালে মস্কোর সাবেক এক সুন্দরী প্রতিযোগিতার বিজয়ীর সঙ্গে ট্রাম্পের কথিত সম্পর্কের বিষয়টিও উঠে আসে। তবে রাশিয়ার কাছে ট্রাম্পকে ব্ল্যাকমেইল করার মতো তথ্য ছিল এমন সিদ্ধান্তে পৌঁছায়নি কমিটি।

ভ্লাদিমির পুতিন: হানি ট্র্যাপের শিকার, নাকি গোয়েন্দা কৌশলের সঙ্গে যুক্ত?
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের নাম হানি ট্র্যাপের আলোচনায় আসে মূলত তার সাবেক গোয়েন্দা কর্মকর্তা পরিচয়ের কারণে। তিনি সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা সংস্থা কেজিবিতে কাজ করেছেন। স্টিল ডসিয়ারেও অভিযোগ ছিল, ট্রাম্পকে প্রভাবিত করার কথিত প্রচেষ্টার পেছনে পুতিনের অনুমোদন ছিল। কিন্তু এই অভিযোগের পক্ষে প্রকাশ্যে চূড়ান্ত প্রমাণ নেই।

ইতিহাসের ঘটনাগুলো দেখায়, হানি ট্র্যাপ কেবল ব্যক্তিগত সম্পর্কের কেলেঙ্কারি নয়; এর প্রভাব পড়তে পারে রাষ্ট্রীয় নিরাপত্তা, কূটনীতি, এমনকি আন্তর্জাতিক রাজনীতিতেও। তাই গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে ব্যক্তিগত সম্পর্কের নিরাপত্তা ও গোপন তথ্যের সুরক্ষা দুটিই সমান গুরুত্বপূর্ণ।
তথ্যসূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), রয়টার্স, চ্যানেল নিউজ এশিয়া (সিএনএ), দ্য ওয়াশিংটন পোস্ট এবং ইউএস নেভাল ইনস্টিটিউট

প্রিন্ট

আরও সংবাদ