খুলনা | বৃহস্পতিবার | ১২ নভেম্বর ২০২৬ | ২৮ কার্তিক ১৪৩৩

ইমরান খানের রক্তচাপ বিপজ্জনক পর্যায়ে, উদ্বেগে আইনজীবীরা

খবর প্রতিবেদন |
০৪:২২ পি.এম | ১২ নভেম্বর ২০২৬

 

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তার রক্তচাপ বিপজ্জনক মাত্রায় বেড়েছে এবং চোখের সমস্যাও রয়েছে।

তবে শারীরিক অসুস্থতার মধ্যেও তিনি মানসিকভাবে সম্পূর্ণ সচেতন ও নিজের অবস্থানে দৃঢ় রয়েছেন বলে জানিয়েছেন তার আইনজীবী সরদার লতিফ খোসা।

বুধবার (১১ নভেম্বর) রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের এসব তথ্য জানান লতিফ খোসা। পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভি এ খবর জানিয়েছে।

ইসলামাবাদ হাইকোর্টের নির্দেশে আইনজীবী সালমান সাফদার ও সরদার লতিফ খোসাকে এই সাক্ষাতের অনুমতি দেওয়া হয়।

কারাগারের সম্মেলনকক্ষে ইমরান খান ও বুশরা বিবির সঙ্গে তাদের বৈঠক প্রায় তিন থেকে চার ঘণ্টা স্থায়ী হয়।

সাক্ষাৎ শেষে লতিফ খোসা জানান, বৈঠকে ইমরান খানের শারীরিক অবস্থা এবং তার বিরুদ্ধে চলমান বিভিন্ন আইনি মামলা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

বিশেষ করে রক্তচাপের অস্বাভাবিক বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। পাশাপাশি ইমরানের চোখের সমস্যার কথাও জানান।

লতিফ খোসা আরও বলেন, বৃহস্পতিবার সাক্ষাতের বিষয়ে একটি লিখিত প্রতিবেদন প্রকাশ করা হবে। সেখানে আলোচনার বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।

এদিকে, বৈঠকে পাকিস্তানের ২৮তম সংবিধান সংশোধনী নিয়েও আলোচনা হয়েছে বলে নিশ্চিত করেন এই আইনজীবী। তবে এ বিষয়ে ইমরান খানের সঙ্গে কী কথা হয়েছে, তা প্রকাশ করতে রাজি হননি তিনি।

এর আগে কারাগার সূত্র জানায়, আদিয়ালা কারাগারের সম্মেলনকক্ষে আইনজীবীদের সঙ্গে ইমরান খান ও বুশরা বিবির বৈঠক তিন ঘণ্টার বেশি সময় ধরে চলে। এ সময় তাদের বিরুদ্ধে চলমান মামলাগুলোর বিচারাধীন আপিল নিয়েও আলোচনা ও আইনি পরামর্শ দেওয়া হয়।

কারাগারে প্রবেশের আগে আইনজীবী সালমান সাফদার ও সরদার লতিফ খোসাকে প্রায় দুই ঘণ্টা অপেক্ষা করতে হয়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উলে­খ করা হয়েছে।
তথ্যসূত্র: সামা টিভি।

প্রিন্ট

আরও সংবাদ