খুলনা | বৃহস্পতিবার | ১২ নভেম্বর ২০২৬ | ২৮ কার্তিক ১৪৩৩

পাকিস্তানের কোহাটে বন্দুকযুদ্ধে ১০ পুলিশসহ নিহত ২৮

খবর প্রতিবেদন |
০৫:১৯ পি.এম | ১২ নভেম্বর ২০২৬

 

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট জেলায় অবৈধ স্বর্ণ উত্তোলনের বিরুদ্ধে পরিচালিত এক অভিযানের সময় বন্দুকযুদ্ধে ১০ জন পুলিশ সদস্য এবং ১৮ জন সন্ত্রাসী নিহত হয়েছেন।

বুধবার (১১ নভেম্বর) পুলিশ এ তথ্য জানিয়েছে।

কোহাটের নিকটবর্তী দারাবো কাচ এলাকায় অবৈধভাবে স্বর্ণ উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কেপি পুলিশ এবং স্থানীয় বেসামরিক প্রশাসন যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, অভিযান শেষ করে ফেরার পথে অপরাধী চক্রের প্ররোচনায় ফিতনা আল-খাওয়ারিজ পুলিশের দলটির ওপর অতর্কিত হামলা চালায়।

পুলিশ আরও জানায়, সদস্যরা অত্যন্ত সাহসিকতা ও বীরত্বের সঙ্গে হামলাকারীদের মোকাবিলা করেন, যার ফলে ১৮ জন জঙ্গি নিহত হয়। বীরত্বের সঙ্গে লড়াই করতে গিয়ে কেপি পুলিশের ১০ জন সদস্য নিহত হন।

পুলিশের মতে, বহিরাগত শক্তির মদদে অপরাধী চক্র এবং ফিতনা আল-খাওয়ারিজের এই যৌথ হামলা অপরাধী মাফিয়া ও জঙ্গিদের মধ্যে সুসংগঠিত যোগসূত্রের স্পষ্ট প্রমাণ।

পুলিশ এক বিবৃতিতে বলেছে, এই ঘটনা আবারও প্রমাণ করল যে ইসলাম ও পাকিস্তানের সঙ্গে ফিতনা আল-খাওয়ারিজের কোনো সম্পর্ক নেই। বিবৃতিতে আরও বলা হয়, জঙ্গিরা তাদের অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য অপরাধী মাফিয়াদের সঙ্গে মিলে কাজ করছে।

বহিরাগত মদদে পরিচালিত অপরাধী চক্র এবং ফিতনা আল-খাওয়ারিজের বিরুদ্ধে সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছে পুলিশ। বিবৃতিতে বলা হয়, খাওয়ারিজ ও অপরাধী মাফিয়াদের সহযোগীদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না। কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড বরদাশত করা হবে না।

পুলিশ জানায়, শহিদ পুলিশ সদস্যরা খাইবার পাখতুনখোয়া, বিশেষ করে কোহাট জেলার বাসিন্দা ছিলেন। তাদের এই আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে।

২০২১ সালে আফগান তালেবান পুনরায় ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তানে, বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সীমান্তবর্তী সন্ত্রাসী হামলার ঘটনা তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে।

২০২৬ সালের সেপ্টেম্বরে পাকিস্তানে গত ১২ বছরের মধ্যে এক মাসে সর্বোচ্চ সংখ্যক জঙ্গি হামলার ঘটনা রেকর্ড করা হয়েছে।

ইসলামাবাদ-ভিত্তিক স্বাধীন থিঙ্ক ট্যাঙ্ক পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (পিআইসিএসএস)-এর সংকলিত তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে দেশজুড়ে ২২৫টি জঙ্গি হামলা রেকর্ড করা হয়েছে, যা আগস্টের ১৯৯টি হামলার তুলনায় ১৩ শতাংশ বেশি। এটি ছিল টানা তৃতীয় মাসের মতো জঙ্গি হামলা বৃদ্ধির ঘটনা।

পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালানোর জন্য জঙ্গি সংগঠনগুলো যাতে আফগান ভূখণ্ড ব্যবহার করতে না পারে, সে বিষয়ে ব্যবস্থা নিতে ইসলামাবাদ বারবার কাবুলের প্রতি আহ্বান জানিয়ে আসছে।

পাকিস্তানের দাবি, পাকিস্তানি নিরাপত্তা বাহিনী ও বেসামরিক নাগরিকদের ওপর হামলার জন্য দায়ী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে আফগান তালেবান সরকার ব্যর্থ হয়েছে।

একাধিক দফা আলোচনা সত্ত্বেও ইসলামাবাদ ও কাবুল এখনো তাদের মতপার্থক্য দূর করতে পারেনি এবং আফগান মাটি থেকে পরিচালিত জঙ্গি গোষ্ঠীগুলোর বিষয়টি উভয় পক্ষের মধ্যে বিবাদের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। 
সূত্র: জিও টিভি

প্রিন্ট

আরও সংবাদ