খুলনা | বৃহস্পতিবার | ১২ নভেম্বর ২০২৬ | ২৮ কার্তিক ১৪৩৩

বিপিএলের মতো লিগগুলোর ওপর নিয়ন্ত্রণ বাড়াতে চায় আইসিসি

ক্রীড়া প্রতিবেদক |
০৬:৪৭ পি.এম | ১২ নভেম্বর ২০২৬

 

বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগের সংখ্যা দিন দিন বাড়ছে। এসব টুর্নামেন্টের বিস্তার ও প্রভাব নিয়ে উদ্বিগ্ন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। লিগগুলোর ওপর আরও বেশি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং ক্রিকেটের সামগ্রিক কাঠামো সুরক্ষিত রাখতে নতুন নিয়মকানুন তৈরির উদ্যোগ নিয়েছে সংস্থাটি।

গত জুলাইয়ে আইসিসির বার্ষিক সম্মেলনে গঠন করা হয় ফ্র্যাঞ্চাইজি লিগ পর্যালোচনা কমিটি। এর লক্ষ্য, বিদ্যমান অনুমোদনপ্রক্রিয়া ও নিয়মকানুন আরও কার্যকর করা, যাতে ক্রমবর্ধমান ফ্র্যাঞ্চাইজি লিগের কারণে আন্তর্জাতিক ক্রিকেটের কাঠামো ও স্বার্থ ক্ষতিগ্রস্ত না হয়। ১১ থেকে ১৫ নভেম্বর ইন্দোনেশিয়ার বালিতে আইসিসির বোর্ড সভায় এই কমিটির প্রাথমিক সুপারিশ তুলে ধরার কথা রয়েছে।

এর আগে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বিস্তার নিয়ে উদ্বেগ জানিয়েছিল আইসিসি। আন্তর্জাতিক সূচির সঙ্গে এসব লিগের সমন্বয়, খেলোয়াড়দের জাতীয় দলের প্রতি দায়বদ্ধতা এবং দুর্নীতির ঝুঁকি—সবকিছুই পর্যালোচনার আওতায় রয়েছে। আইসিসির দুর্নীতিবিরোধী বিভাগের পর্যবেক্ষণেও বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে দুর্নীতির অনুপ্রবেশ নিয়ে উদ্বেগের কথা উঠে এসেছে।

নতুন উদ্যোগের মাধ্যমে লিগগুলোর অনুমোদনপ্রক্রিয়া আরও কঠোর করা এবং অনিয়মের ক্ষেত্রে আইসিসির হস্তক্ষেপের ক্ষমতা বাড়ানোর বিষয়ও বিবেচনায় রয়েছে। পাশাপাশি অবৈধ বেটিং ও সন্দেহজনক স্পনসরশিপের ঝুঁকি মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা বিবেচনা করা হবে।

আইসিসির এই উদ্যোগের পেছনে বড় কারণ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দ্রুত বাণিজ্যিক বিস্তার। আইপিএল, বিগ ব্যাশ, এসএ২০, আইএলটি২০, মেজর লিগ ক্রিকেট ও বিপিএলের মতো টুর্নামেন্টগুলো আন্তর্জাতিক ক্রিকেটের সূচিতে চাপ তৈরি করছে। এতে বিশেষ করে ছোট ক্রিকেট বোর্ডগুলোর খেলোয়াড় ধরে রাখা ও আন্তর্জাতিক ম্যাচ চালিয়ে যাওয়া কঠিন হয়ে উঠছে।

প্রিন্ট

আরও সংবাদ