খুলনা | শুক্রবার | ১৩ নভেম্বর ২০২৬ | ২৯ কার্তিক ১৪৩৩

এইচএসসি ও সমমানের সম্পূরক পরীক্ষার রুটিন প্রকাশ, শুরু ১ ডিসেম্বর

খবর প্রতিবেদন |
০১:৩৬ এ.এম | ১৩ নভেম্বর ২০২৬


চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের সম্পূরক পরীক্ষার বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত রুটিন অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর থেকে এই পরীক্ষা শুরু হয়ে চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহŸায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর স্বাক্ষর করা রুটিন থেকে এই তথ্য জানা গেছে।
শিক্ষা বিভাগ সূত্রে জানা যায়, এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ দু’টি বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থায় এই সম্পূরক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রচলিত নিয়ম অনুযায়ী, এর আগে পাবলিক পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে শিক্ষার্থীদের পরের বছর পুরো বছর অপেক্ষা করে পুনরায় পরীক্ষায় অংশ নিতে হতো। সে ক্ষেত্রে শুধু অকৃতকার্য বিষয়গুলোতে বা চাইলে সব বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকলেও, এক বা দু’টি বিষয়ের জন্য শিক্ষার্থীদের পুরো একটি বছর নষ্ট হতো। সেই দীর্ঘসূত্রিতা ও ভোগান্তি কমাতে এবার সম্পূরক পরীক্ষার সুযোগ দেওয়া হলো।
প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর ইংরেজি প্রথম পত্রের পরীক্ষার মধ্য দিয়ে সম্পূরক পরীক্ষা শুরু হবে। এরপর ২ ডিসেম্বর বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র, ৩ ডিসেম্বর পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা এবং ৫ ডিসেম্বর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। রুটিনের অন্যান্য বিষয়ের পরীক্ষা নির্ধারিত তারিখ অনুযায়ী অনুষ্ঠিত হবে এবং আগামী ১৫ ডিসেম্বর অর্থনীতি ও আরবি বিষয়ের পরীক্ষার মাধ্যমে লিখিত পরীক্ষা শেষ হবে। এছাড়া লিখিত পরীক্ষার এই সময়ের মধ্যেই সংশ্লিষ্ট ব্যবহারিক পরীক্ষাসমূহও সম্পন্ন করতে হবে।
উলে­খ্য, এর আগে গত ৩১ অক্টোবর চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। প্রকাশিত ফলে শুধু এক ও দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন মোট ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থী। তাদের মধ্যে একাংশ অর্থাৎ ২ লাখ ৯৮ হাজার ৪০ জন শিক্ষার্থী মাত্র এক বিষয়ে এবং ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন শিক্ষার্থী দু’টি বিষয়ে অকৃতকার্য হয়েছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ