খুলনা | শুক্রবার | ১৩ নভেম্বর ২০২৬ | ২৯ কার্তিক ১৪৩৩

কালীগঞ্জে আমির হামজার তাফসির মাহফিলের বিপরীতে মাদকবিরোধী সমাবেশের ডাক

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি |
০১:৪৯ এ.এম | ১৩ নভেম্বর ২০২৬


ঝিনাইদহের কালীগঞ্জে একইদিন, একই সময়ে ও একই স্থানে দু’টি পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শুক্রবার বেলা ২টায় শহরের সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির মুফতি আমির হামজার তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। একই সময় একই মাঠে সচেতন কালিগঞ্জবাসী ও ছাত্রজনতার ব্যানারে মাদকবিরোধী সমাবেশের ডাক দেওয়া হয়েছে। এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা করছেন স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারির সম্ভাবনাও দেখা দিয়েছে।
দু’টি কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার থেকেই শহরে উত্তেজনা ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। একদিকে তাফসির মাহফিল সফল করতে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। অন্যদিকে মাদকবিরোধী সমাবেশের প্রচারে ইজিবাইকে মাইক লাগিয়ে শহরের বিভিন্ন এলাকায় প্রচারণা চালানো হয়। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে।
জানা যায়, শহরের ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার জুমার নামাজের পর দুপুর ২টায় ভূষণ স্কুল মাঠে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে কুষ্টিয়া-৩  আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মাওলানা মতিয়ার রহমান। মাহফিলের অনুমতি চেয়ে আয়োজক মাদ্রাসা কর্তৃপক্ষ গত ২৩ অক্টোবর ঝিনাইদহ জেলা প্রশাসকের কাছে আবেদন করে। পাশাপাশি কয়েক দিন ধরে প্রচার-প্রচারণাও চালিয়ে আসছে তারা।
অন্যদিকে, একই সময় ও স্থানে সচেতন কালীগঞ্জবাসী ও ছাত্রজনতার ব্যানারে মাদকবিরোধী সমাবেশের ঘোষণা দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুর থেকে শহরে ইজিবাইকে মাইক লাগিয়ে এ কর্মসূচির প্রচার চালানো হয়। একই স্থানে দু’টি কর্মসূচি ঘোষণার পর থেকেই বিষয়টি নিয়ে নানা আলোচনা ও উত্তেজনা তৈরি হয়েছে।
এদিকে, গত ১১ নভেম্বর ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত একটি চিঠিতে দেখা যায়, তাফসির মাহফিলের অনুমতির আবেদনটি এখনো অনুমোদন দেওয়া হয়নি। ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মেহেদী হাসান ফারুকীর করা আবেদনটি জেলা পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছিল। পরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কার কথা জানানো হয়। এ কারণে মাহফিলের অনুমতি দেওয়া হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মাহফিলের আয়োজক মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মেহেদী হাসান ফারুকী বলেন, গত ২৩ অক্টোবর জেলা প্রশাসকের কাছে মাহফিলের অনুমতি চেয়ে আবেদন করেছেন। সে সময় প্রশাসনের পক্ষ থেকে মৌখিকভাবে কার্যক্রম চালিয়ে যেতে বলা হয়েছিল এবং পরবর্তী সময়ে অনুমতিপত্র দেওয়া হবে বলে জানানো হয়েছিল। তবে এখনো লিখিত অনুমতি পাওয়া যায়নি।
এদিকে মাহফিল আয়োজন নিয়ে গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে কালীগঞ্জে জামায়াতে ইসলামীর উপজেলা শাখার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন জামায়াত নেতারা। সেখানে তারা অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে তাফসির মাহফিল বানচালের চেষ্টা করছে। প্রশাসনের প্রতি মাহফিলে বাধা না দেওয়ার আহŸান জানিয়ে নেতারা বলেন, প্রশাসন যে সিদ্ধান্তই গ্রহণ করুক, তারা মাহফিল আয়োজন করবেন। এমনকি ১৪৪ ধারা জারি করা হলেও মাহফিল বাস্তবায়নের ঘোষণা দেন তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব, সাবেক আমির মাওলানা ওলিউর রহমান, উপজেলা সেক্রেটারি লুৎফর রহমানসহ দলীয় নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা আব্দুল হক মোল্লা। 
এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী বলেন, একই স্থানে দু’টি পক্ষের কর্মসূচি নিয়ে পরিস্থিতি বিবেচনা করে জেলা ও উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট

আরও সংবাদ