খুলনা | শুক্রবার | ১৩ নভেম্বর ২০২৬ | ২৯ কার্তিক ১৪৩৩

রূপসায় চিনির শিরা দিয়ে মধু তৈরি ও বাজারজাত : দম্পতিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক |
০১:৫০ এ.এম | ১৩ নভেম্বর ২০২৬


খুলনার রূপসা উপজেলার পল্লীতে চিনির শিরা জ্বালিয়ে এবং হানি ফ্লেভার জাতীয় কেমিকেল দিয়ে তৈরি করা হচ্ছে নকল মধু। উপজেলার নৈহাটি ইউনিয়নের ইলাইপুর গ্রামের মাকামের মোড় এলাকায় নূর ইসলাম ও তার স্ত্রী বিলকিস বেগম নিজ বাড়িতেই দীর্ধদিন ধরে এভাবে ভেজাল ও নকল মধু তৈরি করে বাজারজাত করছেন। এ অভিযোগ পেয়ে বৃহস্পতিবার ওই বাড়িতে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিভিন্ন ধরনের আলামতসহ ৯ লিটার নকল মধু জব্দ এবং তাদেরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল ইসলাম।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, গোপন খবরের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত উপজেলার নৈহাটি ইউনিয়নের ইলাইপুর গ্রামে মাকামের মোড় এলাকায় বিলকিস বেগমের বাড়িতে অভিযান চালায়। এ সময় একটি সাদা প্লাস্টিকের জারে আনুমানিক ৯ লিটার নকল মধু জব্দ করা হয়। এ অভিযোগে নকল মধু উৎপাদন, বিক্রয় ও সংরক্ষণের বিষয়ে আসামি বিলকিস বেগম অপরাধ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নগদ ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং উৎপাদিত নকল মধু পানিতে ফেলে দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল ইসলাম বলেন, নুর ইসলাম ও তার স্ত্রী বিলকিস বেগম দীর্ঘদিন ধরে ভেজাল মধু তৈরি করে বাজারজাত করছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ নিয়ে ওই বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে মধু তৈরির জন্য চিনির শিরা জ্বালানো আলামত ও সরঞ্জাম এবং হানি ফ্লেভার জাতীয় কেমিকেল উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে বিলকিস বেগম চিনি দিয়ে মধু তৈরি ও বিক্রির কথা স্বীকার করেন। এ সময় তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রিন্ট

আরও সংবাদ