খুলনা | শুক্রবার | ১৩ নভেম্বর ২০২৬ | ২৯ কার্তিক ১৪৩৩

অবৈধভাবে সার মজুদের অভিযোগ

সাতক্ষীরায় ইউপি মেম্বরকে ৫০ হাজার টাকা জরিমানা, ৮০৩ বস্তা সার জব্দ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০১:৫১ এ.এম | ১৩ নভেম্বর ২০২৬


সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামে অনুমোদনহীন ও অবৈধভাবে সার মজুদের অভিযোগে মোজাম্মেল হোসেন নামের এক ইউপি সদস্যকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তার দোকান ও গুদাম থেকে বিভিন্ন ধরনের ৮০৩ বস্তা অবৈধ সার জব্দ করা হয়। বুধবার রাত ৮টার দিকে মৌতলা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার। 
অভিযানে সার্বিক সহযোগিতা করেন কালিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দিনসহ স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দিন জানান, কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউপির সদস্য মোজাম্মেল হোসেন দীর্ঘদিন ধরে কোনো  বৈধ কাগজপত্র বা সরকারি ডিলারশিপ ছাড়াই নিজের দোকান ও গুদামে বিপুল পরিমাণ সার অবৈধভাবে মজুদ করে রেখেছিলেন। ইউপি সদস্যের নেতৃত্বে একটি চক্র এই সার কৃত্রিম সংকট তৈরি করে নির্ধারিত মূল্যের চেয়ে চড়া দামে কালোবাজারে বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে ওই এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানকালে গুদামে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ৮০৩ বস্তা অবৈধ সার পাওয়া যায়। এ সময় সার ব্যবসার বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার অভিযুক্ত  ইউপি সদস্য মোজাম্মেল হোসেনকে ‘সার ব্যবস্থাপনা আইন, ২০০৬’-এর ১২ ও ১৮ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম চালাবেন না মর্মে তাঁর কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়।
তিনি আরো বলেন, আদালতের নির্দেশে জব্দকৃত ৮০৩ বস্তা সার স্থানীয় সাধারণ কৃষকদের মধ্যে সরকারি নির্ধারিত মূল্যে স্বচ্ছতার সঙ্গে বিক্রির জন্য মৌতলা ইউনিয়ন পরিষদে স্থানান্তর ও সংরক্ষণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের স্বার্থরক্ষায় এবং সারের অবৈধ মজুদ ও কালোবাজারি রোধে কালিগঞ্জ উপজেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কৃষি কর্মকর্তা। 

প্রিন্ট

আরও সংবাদ