খুলনা | শনিবার | ১৪ নভেম্বর ২০২৬ | ৩০ কার্তিক ১৪৩৩

রূপসায় সাংবাদিকদের সাথে আলাপকালে মঞ্জু

খুলনায় সন্ত্রাস নির্মূলে প্রয়োজনে কারফিউ দিয়ে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের দাবি

নিজস্ব প্রতিবেদক |
১২:৫৮ এ.এম | ১৪ নভেম্বর ২০২৬


খুলনা এখন সন্ত্রাসে নিমজ্জিত এবং গুটিকয়েক সন্ত্রাসী গ্র“প শহরের ১৪ লাখ মানুষকে জিম্মি করে ফেলেছে বলে মন্তব্য করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। অবিলম্বে খুলনা ও এর আশপাশের এলাকা থেকে সন্ত্রাস নির্মূলে প্রয়োজনে কারফিউ জারি করে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান পরিচালনার দাবি জানান তিনি। 
শুক্রবার রূপসায় সন্ত্রাসীদের গুলিতে নিহত দলীয় কর্মী জাকির হোসেনের পরিবারের খোঁজখবর নেওয়া, জানাজায় অংশগ্রহণ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের তিনি জানান, খুলনায় খুনিরা অবাধে মানুষ হত্যা ও চাঁদাবাজি করছে এবং মাদকের বাজার বসিয়েছে। এসব অপকর্মের প্রতিবাদ করলেই হত্যা করা হচ্ছে। এ পর্যন্ত তাদের দলের ৮ থেকে ১০ জন কর্মীকে সন্ত্রাসীরা হত্যা করেছে।
বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, রূপসা একটি শান্তিপূর্ণ এলাকা ছিল। কিন্তু এখন তা সন্ত্রাসী জনপদে পরিণত হয়েছে। নিহত জাকির হোসেনের অবুঝ নাবালক শিশুদের মুখের দিকে তাকিয়ে মনে হয়েছে, কেবল এই হত্যাকান্ডের বিচার নয়, বরং খুলনা থেকে সন্ত্রাস নির্মূলের জন্য জনগণকে ঐক্যবদ্ধ করে মাঠে নামা প্রয়োজন। মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তালিকাভুক্ত সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশের টহল জোরদার ও যৌথ অভিযান পরিচালনা করা জরুরি। তা না হলে কারও জীবন রক্ষা করা সম্ভব হবে না।
সরকারের পদক্ষেপের বিষয়ে তিনি উলে­খ করে বলেন, বিষয়টি ইতোমধ্যে সরকারকে জানানো হয়েছে। বৃহস্পতিবার রাতেই জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাস দমনে কঠিন ও কঠোর পদক্ষেপের কথা জানিয়েছেন এবং প্রধানমন্ত্রীও এ বিষয়ে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন।
নিহত জাকির হোসেনের পরিবারের ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি জানান, শোকসন্তপ্ত এই পরিবারটিকে সান্তনা দেওয়া হয়েছে। পরিবারটির সার্বিক দেখভালের জন্য দলের স্থানীয় নেতৃবৃন্দ এবং নিহতের ভাই ও পরিবারের সদস্যরা দায়িত্ব নিয়েছেন।
সবশেষে তিনি একটি শান্তিপূর্ণ নগরী ও গ্রাম গড়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, আমরা আশা করি এরপর থেকে নগরী ও আশপাশের এলাকায় হত্যাকান্ড বন্ধ হবে। অতি দ্রুত সন্ত্রাস নিধনে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলে আমরা বিশ্বাস করি।

প্রিন্ট

আরও সংবাদ