খুলনা | শনিবার | ১৪ নভেম্বর ২০২৬ | ৩০ কার্তিক ১৪৩৩

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন আসামি ২ হাজার ২২৪ জন

গোপালগঞ্জ প্রতিনিধি |
০১:২৬ এ.এম | ১৪ নভেম্বর ২০২৬


নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দুই হাজার ২২৪ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোসলেম আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা দুই হাজার জনকে আসামি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আইয়ুব আলী জানান, এ ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। পরে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী চৌরাস্তায় জড়ো হয়ে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করেন। পরে আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাদের সঙ্গে যোগ দিয়ে মিছিল বের করেন। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করে পুলিশের একটি সরকারি গাড়ির গতিরোধ করেন। এ সময় দেশীয় অস্ত্র-শস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে গাড়িটিতে হামলা চালিয়ে এর বিভিন্ন অংশ ও কাচ ভাঙচুর করা হয়। পুলিশ বারবার তাদের সরে যাওয়ার অনুরোধ করলেও তারা তা উপেক্ষা করে ভাঙচুর অব্যাহত রাখেন। একপর্যায়ে গাড়িটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
এজাহারে আরও বলা হয়, সরকারি সম্পত্তি ও পুলিশ সদস্যদের জানমাল রক্ষা এবং আত্মরক্ষার্থে পুলিশ ১০ রাউন্ড রাবার বুলেট, পাঁচ রাউন্ড টিয়ার শেল ও তিন রাউন্ড সাউন্ড গ্রেনেড ফাঁকা নিক্ষেপ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

প্রিন্ট

আরও সংবাদ