খুলনা | শনিবার | ১৪ নভেম্বর ২০২৬ | ৩০ কার্তিক ১৪৩৩

খুবির পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের অ্যালামনাই এ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণ

খবর বিজ্ঞপ্তি |
০১:৩৭ এ.এম | ১৪ নভেম্বর ২০২৬


খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের অ্যালামনাই এ্যাসোসিয়েশনের নবনির্বাচিত প্রথম নির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণ এবং বিদায়ী অ্যাডহক কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত প্রথম নির্বাহী কমিটির সভাপতি রবিউল হাসান ও সাধারণ সম্পাদক মোঃ রেজানুল ইসলাম কল্লোলসহ নির্বাহী কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজকের দিনটি সবার জন্য অত্যন্ত গর্বের। পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের প্রথম অ্যালামনাই এ্যাসোসিয়েশনের যাত্রা একটি নতুন পরিচয়ের সূচনা করেছে। এ সংগঠন ভবিষ্যতে ডিসিপ্লিনের উন্নয়ন এবং বর্তমান শিক্ষার্থীদের দিকনির্দেশনা প্রদানে অগ্রণী ভ‚মিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অ্যালামনাই এ্যাসোসিয়েশনকে একটি শক্তিশালী পরিবার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে সদস্যদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে এবং একে অপরের বিপদে-আপদে পাশে দাঁড়ানোর সুযোগ তৈরি হবে। এ সময় তিনি সুন্দর ও সুশৃঙ্খল আয়োজনের জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান এবং অ্যালামনাইদের সুস্বাস্থ্য, উজ্জ্বল ভবিষ্যৎ ও কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পদার্থবিজ্ঞান ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ রাশেদুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন একই ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ তরিকুল ইসলাম ও নবনির্বাচিত কমিটির সভাপতি রবিউল হাসান।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদায়ী অ্যাডহক কমিটির সদস্য-সচিব জিনিয়া সুলতানা। পরে তিনি আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত কমিটির কাছে দাপ্তরিক ফাইল হস্তান্তর করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাফিয়া ওয়াহিদ নির্ঝর ও রাকিবুল হোসেন।
এর আগে পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের যেসব শিক্ষার্থী অকালে মৃত্যুবরণ করেছেন, তাঁদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থী, অ্যাডহক কমিটি ও অ্যালামনাই এ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
 

প্রিন্ট

আরও সংবাদ