খুলনা | সোমবার | ২৩ নভেম্বর ২০২৬ | ৯ অগ্রাহায়ণ ১৪৩৩

খুলনায় পৃথক অভিযানে ৩টি অস্ত্র ও ১৪ রাউন্ড গুলিসহ নারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক |
০২:৪১ পি.এম | ১৪ নভেম্বর ২০২৬


খুলনা মহানগরীতে রাতভর পৃথক দুটি অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, একটি দেশীয় ওয়ান শুটার গান এবং ১৪ রাউন্ড গুলিসহ রাজিয়া বেগম নামে এক নারীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ (এসআরবি-৬ স্পেশাল কোম্পানি)। শুক্রবার (১৩ নভেম্বর) রাত থেকে শনিবার (১৪ নভেম্বর) ভোররাত পর্যন্ত নগরীর দৌলতপুর ও সদর থানা এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।

গ্রেফতার হওয়া রাজিয়া বেগম দৌলতপুর থানার ৬ নম্বর ওয়ার্ডের পাবলা কবির বটতলা এলাকার মৃত শামীম জোয়াদ্দারের স্ত্রী।

অভিযানকারী দল সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে দৌলতপুর থানার ৬ নম্বর ওয়ার্ডের পাবলা ফকিরপাড়া এলাকায় অভিযান চালায় এসআরবি-৬ স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল। এ সময় রাজিয়া বেগমের হেফাজত থেকে দুটি বিদেশি পিস্তল ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই তাঁকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে, এর কয়েক ঘণ্টা পর শনিবার (১৪ নভেম্বর) রাত ২টার দিকে খুলনা সদর থানা এলাকায় দ্বিতীয় অভিযানটি চালানো হয়। নগরীর দক্ষিণ টুটপাড়ার ২৮ নম্বর ওয়ার্ডের বালুর মাঠসংলগ্ন ফিরোজ নামের এক ব্যক্তির বাড়ির টিনের প্রাচীরের বাইরের পাশ থেকে সবুজ পলিথিনে মোড়ানো অবস্থায় একটি দেশীয় ওয়ান শুটার গান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এসআরবি-৬ স্পেশাল কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, অস্ত্র ও গুলিসহ গ্রেফতার হওয়া রাজিয়া বেগমের বিরুদ্ধে দৌলতপুর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এ ছাড়া সদর থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া ওয়ান শুটার গানের বিষয়ে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ