খুলনা | রবিবার | ১৫ নভেম্বর ২০২৬ | ১ অগ্রাহায়ণ ১৪৩৩

খুলনা ডিজিটাল কম্পিউটার ফেয়ার উদ্বোধনকালে কেসিসি প্রশাসক

তথ্য-প্রযুক্তির উৎকর্ষ সাধন করে স্বাবলম্বী বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী

খবর বিজ্ঞপ্তি |
০১:২১ এ.এম | ১৫ নভেম্বর ২০২৬


তথ্য-প্রযুক্তির উৎকর্ষ সাধনের মধ্য দিয়ে একটি স্বাবলম্বী বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ শুরু করেছেন বলে মন্তব্য করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি গতকাল শনিবার দুপুরে নগরীর জলিল টাওয়ার চত্বরে আয়োজিত খুলনা ডিজিটাল কম্পিউটার ফেয়ার-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। খুলনা কম্পিউটার ব্যবসায়ী সমিতি এ মেলার আয়োজন করেছে। 
প্রশাসক আরো বলেন, প্রযুক্তিতে বিশ্বের তুলনায় আমরা অনেক পিছিয়ে আছি। যদি দ্রুত অগ্রগতি করতে না পারি তবে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারবো না। সেদিক থেকে প্রযুক্তিগত এই মেলার আয়োজন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মেলা আমাদেরকে নতুন নতুন প্রযুক্তির সাথে পরিচিতি এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনায় শক্তি জোগাতে সহযোগিতা করবে। খুলনায় একটি বিভাগীয় ট্রেড সেন্টার গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সেই ট্রেড সেন্টারের মধ্য দিয়ে এতদাঞ্চলের বাণিজ্যের প্রসার ঘটবে এবং সকল অন্ধকার দূর করে সম্মিলিতভাবে একটি নিরাপদ খুলনা গড়ে তুলতে হবে। 
প্রশাসক বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন এবং মেলায় স্থাপিত স্টলগুলি পরিদর্শন করেন এবং স্টলসমূহে স্থান পাওয়া নতুন নতুন প্রযুক্তিসমূহের সাথে পরিচিত হন। সমিতির সভাপতি মোঃ জিয়াউর রহমান জিয়া’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোঃ জহিরুল ইসলাম, মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম, গ্লোবাল ব্রান্ড পিএলসি’র ডিএমডি মোহাম্মদ জসীম উদ্দিন খোন্দকার, কম্পিউটার সলিউশন ইন্স-এর প্রতিষ্ঠাতা ও সিইও মোহাম্মদ আবুল হাসান ও খুলনা কম্পিউটার ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল ইসলাম। স্বাগত বক্তৃতা করেন জলিল গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক ড. সৈয়দ কামরুল ইসলাম, সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ আজিজ হোসেন সুমন এবং শুভেচ্ছা বক্তৃতা করেন মেলা আয়োজক কমিটির আহবায়ক এইচ এম মোস্তাফিজুর রহমান রিহিন। 

প্রিন্ট

আরও সংবাদ