খুলনা | সোমবার | ১৬ নভেম্বর ২০২৬ | ২ অগ্রাহায়ণ ১৪৩৩

শেখ হাসিনা কোনোভাবে ফিরে আসলে তার দণ্ড কার্যকর হবে: রিজভী

খবর প্রতিবেদন |
০১:৫৬ পি.এম | ১৫ নভেম্বর ২০২৬


পলাতক শেখ হাসিনার দণ্ড হয়েছে, সে কোনোভাবে ফিরে আসলে তার দণ্ড কার্যকর হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (১৫ নভেম্বর) ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

পলাতক আওয়ামী লীগ পার্শ্ববর্তী দেশের ইন্ধন ও উসকানিতে সারা দেশে নাশকতা এবং অরাজকতা সৃষ্টি করছে এমন অভিযোগ করে রিজভী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই নাশকতা ঠেকাতে প্রশাসনকে সহযোগিতা করবেন বিএনপির নেতা-কর্মীরা।

তিনি বলেন, আওয়ামী লীগের পতন হলেও তাদের ফ্যাসিবাদী শক্তি এখনো থেমে নেই। তারা দেশের ভেতর ও বাইরে থেকে গোপনে নাশকতা চালাচ্ছে, গাড়িতে আগুন দিচ্ছে এবং বোমাবাজি করছে।

তৈরি পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগ তুলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, পার্শ্ববর্তী দেশের ইন্ধনে শেখ হাসিনার দোসররা পাশের দেশ থেকে উসকানি দিয়ে গার্মেন্টস খাতে অস্থিরতা তৈরি করছে। এমনকি তাদের মালিকানাধীন গার্মেন্টসগুলোতে শ্রমিকদের ঢুকতে না দিয়ে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে।

দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে তারা নিজেদের স্বার্থ হাসিল করতে চায় মন্তব্য করে রিজভী বলেন, এটা কখনোই সফল হবে না, সম্ভবও না। নাশকতাকারীরা প্রতিদিনই গ্রেপ্তার হচ্ছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমানউল্লাহ আমান এমপি, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন এবং সদস্যসচিব এস এম জাহাঙ্গীর এমপিসহ দলের কয়েক হাজার নেতাকর্মী।
 

প্রিন্ট

আরও সংবাদ