খুলনা | সোমবার | ১৬ নভেম্বর ২০২৬ | ২ অগ্রাহায়ণ ১৪৩৩

সেনাবাহিনী থেকে বরখাস্ত হলেন কর্মকর্তা দম্পতি

খবর প্রতিবেদন |
০১:১৩ এ.এম | ১৬ নভেম্বর ২০২৬


ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একই সঙ্গে তার স্ত্রী লেফটেন্যান্ট কর্নেল ফাতিমা জোহরা খানমকেও বরখাস্ত করা হয়েছে।

গত ১২ নভেম্বর সেনাসদরের সামরিক সচিবের শাখা থেকে পৃথক দুটি আদেশ জারি করা হয়। আদেশ অনুযায়ী, আগামী ১৭ নভেম্বর বিকেল থেকে তাদের বরখাস্ত কার্যকর হবে। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হবে তাদের সামরিক চাকরির মেয়াদ।

সেনা আইনের ১৬ ধারা এবং সংশ্লিষ্ট বিধিমালা অনুসারে এ আদেশ জারি করা হয়েছে। আদেশের শিরোনামে ‘অবসর আদেশ’ লেখা থাকলেও চাকরি থেকে অব্যাহতির ধরন হিসেবে উল্লেখ রয়েছে ‘চাকরি হতে বরখাস্ত’। সেনা আইনের ১৬ ধারা অনুযায়ী, কোর্ট মার্শাল ছাড়াও সরকার সংশ্লিষ্ট ব্যক্তিকে চাকরি থেকে বরখাস্ত বা অপসারণ করতে পারে।

ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেন বাংলাদেশ মিলিটারি একাডেমির ২৯তম দীর্ঘমেয়াদি কোর্সের কর্মকর্তা। তার অবসর আদেশে বলা হয়, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ আর্মি অ্যাক্ট সেকশন- ১৬, আমি অ্যাক্ট (রুলস) ৯(এ), আর্মি রেগুলেশন (রুলস) ৭৮(সি), ২৫৩(এ), ২৬১ এবং ২৬৯(এ) মোতাবেক সেনাসদর, এমএন্ডকিউ পরিদপ্তর, ঢাকা সেনানিবাসে সংযুক্ত ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হুসাইনকে সেনাবাহিনীর চাকরি হতে বরখাস্ত করেছেন।’

অপরদিকে লেফটেন্যান্ট কর্নেল ফাতিমা জোহরা খানমের অবসর আদেশে বলা হয়, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ আমি অ্যার্ট সেকশন-১৬ আমি আক্টি (কলস) ৯(এ), আমি রেগুলেশন্স (কলস) ৭৮(সি), ২৫৩ (৩), ২৬১ এবং ২৬৯(১৩) মোতাবেক সেনা কল্যাণ সংস্থা, ঢাকা সেনানিবাসে কর্মরত লে. কর্নেল ফাতিমা জোহরা খানমকে সেনাবাহিনীর চাকরি হতে বরখাস্ত করেছেন।’

এদিকে সেনাবাহিনীর ঊর্ধ্বতন পর্যায়ে বড় ধরনের রদবদল আনা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সাতজন মেজর জেনারেলকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনজন ব্রিগেডিয়ার জেনারেলকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

এই পরিবর্তনের পর ৪টি পদাতিক ডিভিশনের অধিনায়কত্বসহ আনসার ও ভিডিপি, বিপসট এবং বিআইআইএসএসের শীর্ষ পদে নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে।

রদবদলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতারেব সাজ্জাদ মাহমুদকে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ের (বিপসট) কমান্ড্যান্ট করা হয়েছে। ১১ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে আনসার ও ভিডিপির নতুন মহাপরিচালক করা হয়েছে। বিপসটের বিদায়ী কমান্ড্যান্ট মেজর জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহুর রহমানকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক করা হয়েছে।

এছাড়া জাতীয় প্রতিরক্ষা কলেজে (এনডিসি) মেজর জেনারেল মো. সাজেদুর রহমানকে ৭ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। এই ডিভিশনের বিদায়ী জিওসি মেজর জেনারেল আবু হেনা মোহাম্মদ রাজী হাসান ৫৫ পদাতিক ডিভিশনের দায়িত্ব দেওয়া হয়েছে। ৫৫ পদাতিক ডিভিশনের বিদায়ী জিওসি মেজর জেনারেল মো. হাফিজুর রহমান মেজর জেনারেল হাফিজ এবং ১৯ পদাতিক ডিভিশনের অধিনায়ক (জিওসি) ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল সাঈদ আনোয়ার মাহমুদকে রাষ্ট্রদূত পদে প্রেষণে নিয়োগ দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

অন্যদিকে ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম আব্দুল বাতিন ইমানি, মোজাম্মেল হোসাইন ও রাজুকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। ইমানিকে ১১ পদাতিক ডিভিশন এবং মোজাম্মেলকে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। সশস্ত্র বাহিনী বিভাগে কর্মরত রাজুকে জাতীয় প্রতিরক্ষা কলেজের সিনিয়র ডিরেক্টিং স্টাফ (আর্মি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ